প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক, ডিজিটাল ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে সব মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সরকারের প্রধান কাজ।’ তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করা হবে। বেকারেরা যাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সেই লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে।আজ বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সমাবেশে সভাপতিত্ব করেন।কুড়িগ্রামের পর বরগুনায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হলো। বরগুনায় এ কার্যক্রমের আওতায় ১৩ হাজার ৯৪ জন বেকার যুবক-যুবতীকে দুই বছরের জন্য চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম ধাপে চার হাজার বেকারকে প্রশিক্ষণ দেওয়ার পর কাজে নিয়োগ করা হবে। এভাবে তিন ধাপে ১৩ হাজার ৯৪ জনকে পর্যায়ক্রমে এই সার্ভিসের আওতায় প্রশিক্ষণ ও চাকরিতে নিয়োগ করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে এক ফোটা বিদ্যুত্ উত্পাদন বাড়েনি। বরং বিগত সরকারের আমলে আমরা যে পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করেছিলাম, তাও তাদের (চারদলীয় জোট) সময় কমে গিয়েছিল। বিদ্যুত্ খাতে দুর্নীতি, লুটপাট ছাড়া তারা কিছুই উপহার দিতে পারেনি। তাদের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ মহাজোটকে ভোট দিয়ে বিজয়ী করেছে।’ তিনি বলেন, ভোট চুরি ছাড়া তারা কখনোই ক্ষমতায় আসতে পারেনি। এবারও তারা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়ে পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু জনগণ তা মানেনি।প্রধানমন্ত্রী আজ দুপুর ১২টা পাঁচ মিনিটে বরগুনায় পৌঁছান। গুড়িগুড়ি বৃষ্টি আর দমকা বাতাসে জনসভা শুরু হতে কিছুটা বিলম্ব হয়। বৃষ্টি আর দমকা বাতাস উপেক্ষা করে হাজার হাজার মানুষ সকাল থেকেই বরগুনা সার্কিট হাউসের মাঠে সমবেত হয়। প্রধানমন্ত্রী বরগুনা পৌঁছে বরিশাল বিভাগীয় ও বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বরগুনা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।