কর্মসংস্থানের দাবি জানিয়েছে লিবিয়া-ফেরত শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া-ফেরত বাংলাদেশি শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। তাঁরা বলেছেন, জমি বিক্রি এবং ধার করে দুই থেকে তিন লাখ টাকা খরচ করে তাঁরা লিবিয়া গিয়েছিলেন। ফিরেছেন একেবারে নিঃস্ব হয়ে। এখন সরকার তাঁদের কাজের ব্যবস্থা না করলে না খেয়ে মরতে হবে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকেরা এ সব দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মমিনুর রহমান তালুকদার। এ ছাড়া অন্যদের মধ্যে লিবিয়া প্রবাসীকল্যাণ সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল, কিশোর কুমার দাস, আবু সাঈদ প্রমুখ বক্তব্য দেন। মমিনুর রহমান অভিযোগ করেন, লিবিয়ার পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করে তখন তাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁরা দূতাবাসের কাছ থেকে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি। তাঁরা সীমান্তে যখন না খেয়ে ছিলেন তখন দূতাবাসের পক্ষ থেকে খাবার তো দূরের কথা, এক বোতল পানির ব্যবস্থাও করা হয়নি। অথচ অন্য দূতাবাস তাঁদের দেশের শ্রমিকদের কল্যাণে সব সময় কাজ করেছে। সংবাদ সম্মেলনে শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, বকেয়া বেতন-বোনাস প্রাপ্তির ব্যবস্থা করা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ কার্ড দেওয়া, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা ও কোম্পানির কাছ থেকে পাসপোর্ট ফিরিয়ে আনার দাবিসহ ১০ দফা দাবি জানানো হয়।