কর্মসংস্থানের নামে বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে কর্মসংস্থানের নামে বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনা ঘটছে। চুক্তিবদ্ধ শ্রমিক (বন্ডেড লেবার) হিসেবে বাংলাদেশ থেকে পাচারের ঘটনা অব্যাহত রয়েছে। পাচারের অন্যতম শিকার নারী ও শিশুদের ভিন দেশে অনেক ক্ষেত্রে জোর করে যৌন-বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে যৌন-বাণিজ্যের জন্য বাংলাদেশ থেকে নারী ও শিশু পাচারের ঘটনা ঘটছে।মানব পাচারসংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রতিবেদনটি অবমুক্ত করেন। ‘২০১০ ট্রাফিকিং ইন পার্সনস (টিআইপি)’ শীর্ষক এই বার্ষিক প্রতিবেদনে ১৭৭টি দেশের মানব পাচার-সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। মানব পাচারকে একবিংশ শতাব্দীর ‘দাসপ্রথা’ উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বের নানা দেশে পাচার হওয়া মোট জনগোষ্ঠীর ৫৬ শতাংশই নারী ও শিশু। মানব পাচারকে মানবাধিকার এবং সভ্যতার ভয়ংকর লঙ্ঘন উল্লেখ করে এর প্রতিরোধে বিশ্বের সব রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ প্রণয়ন করা হয়েছে।বাংলাদেশ থেকে মানব পাচারের ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলোর (রিক্রুটিং এজেন্সি) ভূমিকাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদেশে নিয়োগের জন্য অদক্ষ শ্রমিক রপ্তানির নামে বাংলাদেশে জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলো অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। প্রতিবেদনে বলা হয়, এসব সংস্থার মাধ্যমে চাকরির নামে বিদেশে যাওয়া বাংলাদেশি নারী ও শিশুরা বহু ক্ষেত্রে আন্তর্জাতিক যৌন-বাণিজ্যের শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে বিদেশে যাওয়া নারীরা ‘চুক্তিবদ্ধ গৃহকর্মী’ হিসেবে আটকা পড়ছে। তাঁদের চলাফেরা পর্যন্ত নিয়োগকর্তা নিয়ন্ত্রণ করে থাকে। বহু ক্ষেত্রেই তাঁরা ন্যায্য পারিশ্রমিক থেকেও বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী ও শিশুদের ক্ষেত্রে বিদেশে ভয়ভীতি ও নিত্য পীড়নের ঘটনা ঘটছে।উল্লেখ্য, বাংলাদেশ থেকে কর্মসংস্থানের সন্ধানে জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলোর মাধ্যমে পুরুষ ও নারী সাধারণত সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, লেবানন, মালয়েশিয়া, লাইবেরিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই তাঁরা প্রতারিত হয়ে থাকেন।মার্কিন মানব পাচার-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানব পাচার রোধে ন্যূনতম পদক্ষেপ পুরোপুরি নেওয়া হয়নি। তবুও বর্তমান সরকার এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এ কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনে এ কথাও উল্লেখ করা হয় যে মানব পাচারের শিকার থেকে লোকজনকে রক্ষায় বাংলাদেশ সরকার গত এক বছরে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি।মানব পাচারের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রতি প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে কর্মসংস্থানের নামে পাচারে জড়িত জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলোর ওপর অধিকতর তদারকি নিশ্চিত করতে হবে। প্রবাসে বাংলাদেশ দূতাবাসগুলোতে কনসুলার সার্ভিস বাড়াতে হবে। সেই সঙ্গে মানব পাচার বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্যও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।