কর্মসূচি অনেক, তবু অতিদারিদ্র্য থেকে মুক্তি মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য, অসচেতনতা, ভাঙা ঘর আর প্রাণঘাতী জীবাণুর সঙ্গে বসবাস কুড়িগ্রামের চর এলাকার চেনা ছবি। হাজার হাজার পরিবার আধপেটা নুন-ভাত বা শাক-ভাত খেয়ে অপুষ্টির সঙ্গে লড়াই করছে প্রজন্মের পর প্রজন্ম। এ যেন অভাব-অনটনের সঙ্গে নিরন্তর লড়াই। বেঁচে থাকার এই লড়াইয়ে বৃত্তবন্দী উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ৪০০ চরের অধিকাংশ হতদরিদ্র পরিবার।তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, ফুলকুমারী, গঙ্গাধরসহ ছোট-বড় ১৫টি নদ-নদীর বুকে জেগে ওঠা চরে এবং কুড়িগ্রাম জেলায় এখন হতদরিদ্র পরিবারের সংখ্যা কত—এ তথ্য কারও কাছে নেই। ২০০৭ সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি জরিপ অনুযায়ী, কুড়িগ্রাম জেলার তিন লাখ ২৮ হাজার ৩৭৪টি পরিবারের মধ্যে এক লাখ ৭৭ হাজার ৩২৯টি পরিবার মঙ্গায় আক্রান্ত। ৭৫ শতাংশ পরিবারই তিনবেলা খেতে পায় না। কর্মজীবীদের প্রায় ৮০ শতাংশ দিনমজুর। জমি নেই সিংহভাগ পরিবারের।সরকার ও কুড়িগ্রামে কর্মরত অর্ধশতাধিক এনজিওর দাবি, বিগত কয়েক বছরে এই চেহারা বদলেছে। বাস্তবায়িত হচ্ছে কোটি কোটি টাকার এক ডজন প্রকল্প।কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রামের মঙ্গাপীড়িত এলাকার মানুষ এখনো প্রায় সেই তিমিরেই পড়ে আছে। দৃশ্যত মঙ্গা নিয়ে এখন তেমন কোনো হইচই নেই। কিন্তু কাজের সন্ধানে হাজার হাজার মানুষ কুড়িগ্রাম ছেড়ে দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। কেননা, এখানে উপার্জন এতই কম যে ক্ষুধা নিবারণ ছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান জোটাতে বাড়তি অর্থ থাকে না। তাই বাধ্য হয়ে নিজ এলাকা ছেড়ে কেউ বা থাকছে মাসের পর মাস, আবার অনেকে সপ্তাহ বা ১৫ দিন।বৃহত্তর রংপুর বিভাগে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আরডিআরএস কাজ করছে প্রায় তিন দশক ধরে। ব্রিটিশ সাহায্য সংস্থা ডিএফআইডির অন্যতম বড় কর্মসূচি চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি)। এর প্রধান নজরুল গনি প্রথম আলোকে বলেন, কুড়িগ্রাম জেলায় মঙ্গায় আক্রান্ত প্রায় পৌনে দুই লাখ পরিবার আছে। বিগত এক দশকে সরকারি ও বেসরকারি উদ্যোগে হয়তো ৭৫ হাজার পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। বাকিরা এখনো সব ধরনের কর্মসূচির বাইরে আছে।কুড়িগ্রামে একাধিক এনজিও এই সিএলপি প্রকল্পের সঙ্গে যুক্ত। ২০০৫ সালের মার্চ থেকে শুরু হওয়া পাঁচ কোটি পাউন্ড বা প্রায় ৬৫০ কোটি টাকার এই প্রকল্প গত ৩১ মার্চ শেষ হয়েছে। এর ৩২ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে কুড়িগ্রামে। এই প্রকল্পের মাধ্যমে চরের মধ্যে হতদরিদ্র পরিবারগুলোর বাড়ি উঁচু করা হয়েছে, দেওয়া হয়েছে গরু।সিএলপি বাস্তবায়নকারী সংস্থা ম্যাক্সওয়েল স্ট্যাম্পের পরামর্শক জুলিয়ান ফ্রানসিস প্রথম আলোকে বলেন, এই কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের মানুষের বেশ উন্নতি হয়েছে। সিএলপি কর্মসূচির আওতায় ছিল শুধু যমুনা অববাহিকার চরগুলো। তাই মঙ্গায় আক্রান্ত সব পরিবারকে সেবা দেওয়া সম্ভব হয়নি। সিএলপির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। আরও অনেক হতদরিদ্র পরিবারকে এর আওতায় আনা সম্ভব হবে।ডিএফআইডির অর্থায়নে ২০০৮ সালে শুরু হয় ‘সিঁড়ি’ নামের একটি প্রকল্প। হতদরিদ্রদের ক্ষমতায়ন ও স্বত্বাধিকার বাড়ানোর এই প্রকল্পের ব্যয় ১৩ কোটি ডলার বা প্রায় ৯০০ কোটি টাকা। চলবে ২০১৬ সাল পর্যন্ত। কুড়িগ্রাাম জেলায়ও এই প্রকল্পের একটা বড় অংশ বাস্তবায়ন করা হবে।মার্কিন এনজিও কেয়ারের সৌহার্দ্য প্রকল্পটিও ২০০৫ সালে কুড়িগ্রামে আসে। জেলা অফিস থেকে জানানো হয়, এর আওতায় এখন পর্যন্ত ৩১ হাজার ৬৪১টি পরিবারকে নানা ধরনের সমর্থন দেওয়া হয়েছে। সাত হাজার ৭৪৭টি ছাগল বা ভেড়া বিতরণ ও ১৬টি সেচযন্ত্র (শ্যালো মেশিন) দেওয়া হয়েছে। অনেকের বাড়ি উঁচু করা হয়েছে। বাড়ির আশপাশের এলাকায় সবজি চাষের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কুড়িগ্রামসহ দেশের ১৮টি জেলার দারিদ্র্য দূর করার হাজার কোটি টাকার এই প্রকল্প আগামী ৩১ মে শেষ হচ্ছে। তবে কুড়িগ্রাম জেলায় এই প্রকল্পের কত টাকা এসেছে, সে তথ্য দিতে পারেনি কুড়িগ্রাম জেলার কেয়ার অফিস।একইভাবে প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, পিকেএসএফ, মোহিদেব যুবকল্যাণ সমিতি, পদক্ষেপ, সলিডারিটিসহ আরও অনেক এনজিও।কুড়িগ্রামের ব্র্যাক অফিস জানায়, হতদরিদ্রদের জন্য তাদের কর্মসূচি শুরু হয়েছে ২০০২ সাল থেকে। এ পর্যন্ত তারা এক হাজার ১৯৯ জনকে গরু ও ৩২ জনকে জমি দিয়েছে। গ্রামীণ ব্যাংকের হতদরিদ্রদের কর্মসূচি আছে শুধু চিলমারী উপজেলায়।সরকারিভাবেও চলছে নানা কর্মসূচি। অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় প্রায় ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বারো মাসের জন্য দুস্থ উন্নয়ন (ভিজিডি) কার্ড দেওয়া হয়েছে ২১ হাজার ৯০৭টি। এ ছাড়া দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, সাংসদদের নির্বাচনী এলাকায় ত্রাণ সহায়তাসহ (টিআর) সব মিলিয়ে চলতি অর্থবছরে ১০ হাজার টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারি ও এনজিওগুলোর নানা উদ্যোগের ফলে কুড়িগ্রাম জেলায় কাজের সুযোগ বেড়েছে, মজুরি বেড়েছে। অতিদরিদ্রদের জন্য সরকারের কর্মসৃজন কর্মসূচি সাফল্যের সঙ্গে কুড়িগ্রামে বাস্তবায়ন করা হয়েছে। ফলে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে।এতকিছুর পরেও কুড়িগ্রাম জেলায় কাজের তীব্র সংকট রয়ে গেছে। কুড়িগ্রামের নয়টি উপজেলা থেকে প্রতি রাতে দুই শতাধিক বাস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। শুধু ভুরুঙ্গামারী থেকেই প্রতি রাতে প্রায় ১০০ বাস ছাড়ে বলে জানান জেলা প্রশাসক। কাজের তীব্র সংকটে প্রায় সব পরিবার থেকেই কেউ না কেউ এলাকা ছেড়ে চলে যাচ্ছে বলে জানালেন স্থানীয় ব্যক্তিরা। তিন বছর আগে করা পিকেএসএফের জরিপ অনুযায়ী, এক লাখ ২১ হাজার পরিবারের প্রায় ৪২ শতাংশ লোক মঙ্গার সময় এলাকা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যায়। এখন এর পরিমাণ বেড়েছে এবং সারা বছরই মানুষ কাজের জন্য অন্য জেলায় যাচ্ছে বলে জানান জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা।কুড়িগ্রামের সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কুড়িগ্রাম জেলায় গত এক দশকে যে পরিমাণ অর্থ এসেছে, তা মুদ্রা (কয়েন) করে ছেড়ে দিলেও কুড়িগ্রাম জেলা তিন ফুট উঁচু হয়ে যাবে। কিন্তু এখানে টেকসই কোনো উন্নয়ন হয়নি। রাস্তা মেরামত ও বাঁধ রক্ষার কাজ হয়। কিছুদিন পরেই এসব কাজের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, কুড়িগ্রামে যেসব প্রকল্প আসছে, এটা যাঁরা নাড়াচাড়া করছেন, তাঁদের উন্নতি হচ্ছে। কিন্তু হতদরিদ্ররা সেই তিমিরেই পড়ে আছে।সরেজমিন চর ঝুনকা ও চর প্রথম আলোয় গিয়ে দেখা গেছে, কারও বাড়ি উঁচু হয়েছে, কেউবা চর জীবিকায়ন প্রকল্প থেকে গরু পেয়েছে। তবে অভাব মেটেনি। প্রথম আলোর বাসিন্দা নুরুল ইসলাম জানান, এক মাস আগে শেষ মাছ বা মাংস খেয়েছেন। চরের এক বিঘা জমিতে চাষাবাদ করেন তিনি, এর অর্ধেকই দিয়ে দিতে হয় জমির মালিককে। একই কথা বললেন আরেক বাসিন্দা শামসুল হক। তিনি বলেন, পাট চাষের জন্য জমি তৈরি করেছেন। যে পাট পাওয়া যাবে, তার অর্ধেক জমির মালিককে দিয়ে দিতে হবে।অন্যান্য চর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বাইরে থেকে কিছু লোক মালিকানা দাবি করে চরের ফসলের অর্ধেক নিয়ে যায়। চরের জমিতে কীভাবে মালিক এল—এ প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, চরের জমির মালিকানা সরকারের ছাড়া আর কারও হতে পারে না। কুড়িগ্রামের সব চরেই জবরদখলের সমস্যা আছে। ইতিমধ্যে একটি জরিপ হয়েছে। অচিরেই দখলদারদের উচ্ছেদ করে চরবাসীদের এক একর করে চাষাবাদের জমি দেওয়া হবে।আবার কোনো কোনো এনজিওর বিরুদ্ধে কাজ করিয়ে ঠিকমতো চাল বা টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। তিন মাস কাজ করিয়ে মাত্র এক মাসের অর্থ ও চাল পরিশোধ করেছে পদক্ষেপ নামের একটি এনজিও। প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত একটি দলের (ইউজার) নেত্রী আকলিমা বলেন, অনেকে দিনমজুরি করে ভাত খায়, কিন্তু দিনমান কাজ করে চাল না পেয়ে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এনজিওর পক্ষ থেকে জানানো হয়, চালের মজুদ কম আছে। চাল এলেই বিতরণ করা হবে।কুড়িগ্রাম জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক প্রথম আলোকে বলেন, ‘মঙ্গা মোকাবিলায় এত কিছু হচ্ছে, কিন্তু অভাবী মানুষ কমছে না। তাই অর্থের ব্যবহার নিয়ে আমাদের সন্দেহ আছে। কিছু পরিবর্তন হয়েছে, তবে এটি সাময়িক। আসলে নানা কর্মসূচি দিয়ে অভাবকে দমিয়ে রাখা হয়েছে।’তবে এনজিও-কর্মীরা এটা মানতে নারাজ। কেয়ারের সৌহার্দ্য কর্মসূচির কুড়িগ্রামের মাঠ পরিদর্শক সাদেকুল হাসান বলেন, কাজের সংকটে মানুষ আগে মাসের পর মাস এলাকা ছেড়ে থাকত। এখনো হয়তো ছাড়ছে; তবে ১৫ দিন, এক মাস বা তিন মাসের জন্য। ভিটেমাটিতে কিছু সম্পদ থাকায় তারা পুরোপুরি এলাকা ছেড়ে যাচ্ছে না। মঙ্গা মোকাবিলার সাহস তৈরি হয়েছে তাদের মধ্যে। এই অর্জন উপেক্ষা করার কোনো সুযোগ নেই।সহযোগিতায়: সফি খান, নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম