কর্মসূচি ঠিক করতে দু-এক দিনের মধ্যে বিএনপির বৈঠক
ভোলা-৩ আসনে উপনির্বাচনের পর বিএনপির কর্মসূচি নির্ধারণ নিয়ে দু-এক দিনের মধ্যেই আলোচনায় বসবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আগামী ৫ মে রাজশাহীতে ও ১৯ মে ঢাকায় বিএনপির মহাসমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলের সূত্রগুলো জানিয়েছে। সূত্র জানায়, মূলত নির্বাচন কমিশনকে ঘিরেই চলবে আন্দোলন। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের আগেই যেন নির্বাচন কমিশন পদত্যাগ করে—এমন পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি। তবে বিএনপি এখনই সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় না। বর্তমান সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে দলটি। বিএনপি মনে করে, যতই দিন যাবে আওয়ামী লীগের ভাবমূর্তি ততই ক্ষুণ্ন হবে; বিশেষ করে, দরপত্র নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নিয়মিত মারামারি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার খুব একটা প্রয়োজন নেই। নির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। এই কমিশন পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।দলের নেতারা বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, ভোলা-৩ আসনেই তা প্রমাণ হয়ে গেছে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, তাঁরা ভোলার উপনির্বাচনে কারচুপি ও সন্ত্রাস নিয়ে তথ্য-উপাত্ত জোগাড় করছেন। এসবের ভিত্তিতে বর্তমান কমিশনকে তাঁরা বিতর্কিত প্রমাণ করতে চান। গত রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার কাছে ভোলার উপনির্বাচনের পরিবেশ বর্ণনা করেন। খালেদা জিয়া এ সময় দলের নেতাদের নানা দিকনির্দেশনা দেন। বৈঠক সূত্র জানায়, রাজশাহী ও ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে বড় ধরনের কোনো কর্মসূচি পালনের পক্ষে নন বিএনপির শীর্ষ নেতৃত্ব। ১৯ মে ঢাকা থেকেই কর্মসূচি ঘোষণা করতে চান বিএনপির চেয়ারপারসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিতে হলে তো আলোচনায় বসতেই হবে। এটা তো রাজনৈতিক দল, কোনো বিস্কুট বানানোর ফ্যাক্টরি তো নয়। তাড়াহুড়ার কী আছে। আজ-কালের মধ্যেই আমরা আলোচনায় বসে সব ঠিক করব।’গত রোববারের বৈঠকে কী আলোচনা হয়েছে—জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘আমরা যাঁরা ভোলায় গিয়েছিলাম, তাঁরা একসঙ্গে ম্যাডামের সঙ্গে বসলাম। তিনি আমাদের কথা শুনলেন। কিছু দিকনির্দেশনা দিলেন।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘দল চিন্তাভাবনা করেই কর্মসূচি দেবে। আমি মনে করি, দল ধীরে ধীরে এগোবে। দলের সাংগঠনিক অবস্থা এখনো সুসংহত হয়নি। ঢাকা মহানগরে বিএনপির কমিটি এখনো হয়নি, অনেকগুলো জেলাতেও সম্মেলন হয়নি। তা ছাড়া ১৯ তারিখ ঢাকায় ম্যাডামের একটা বড় কর্মসূচি আছে। এগুলোও বিবেচনায় আনতে হবে।’