ইসলামি ও সমমনা ১২ দলের ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতাল আংশিকভাবে পালিত হয়েছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানেই হরতালের সমর্থনে কাউকে মাঠে দেখা যায়নি। রাজধানী ঢাকায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকা হলেও সর্বত্র যানবাহন চলাচল করেছে। তবে সকালের দিকে রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা কম ছিল। দুপুর ১২টা নাগাদ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসে। বিকেলের আগেই যানজটের চিরচেনা নগরে পরিণত হয় ঢাকা।হরতাল চলাকালে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। সরকারি-বেসরকারি দপ্তরগুলোতে কার্যক্রমও ছিল স্বাভাবিক। ঢাকাসহ সারা দেশেই ছিল পুলিশের কড়া পাহারা। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানী থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে উত্তরায় একটি ছোট ট্রাকে অগ্নিসংযোগ এবং মিরপুর বাঙলা কলেজ এলাকায় পুলিশের রিকুইজিশন করা একটি বাস এবং শেওড়াপাড়ায় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ছাড়া রাজধানীতে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বামপন্থী দুটি জোটের ডাকা মঙ্গলবারের হরতালের প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা ‘ইসলামি ও সমমনা ১২ দলের’ নামে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। তবে আগের দিন বুধবার ১২ দলভুক্ত আটটি দলের নেতারা এক যৌথ বিবৃতিতে হরতালে তাঁদের সমর্থন নেই বলে জানান। এরপর ঢাকায় হরতাল কমিয়ে অর্ধদিবস করার ঘোষণা দেন আয়োজকেরা। এই হরতালে পূর্ণ সমর্থন দেয় জামায়াতে ইসলামী। দলটির নেতা-কর্মীরা কয়েকটি স্থানে রাস্তায় নামলেও পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, সকালে এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়ার সময় পাঁচজনকে এবং পরে কাঁটাবন এলাকা থেকে সন্দেহভাজন আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সবাই শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক জানান, হরতাল আহ্বানকারী দলগুলোর কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে বগুড়ার কিছু স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিং করেছেন। সকাল আটটার দিকে শহরের তিনমাথা মোড়ে দুটি ট্রাক ভাঙচুর করেন তাঁরা। এরপর পুলিশ জামিলনগর থেকে শিবিরের তিন কর্মীসহ আটজনকে গ্রেপ্তার করে।টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, গতকাল ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মহাসড়কে দূরপাল্লার বাস দুপুর পর্যন্ত চলাচল করেনি।সাত দফা: হরতাল শেষে বিকেলে কামরাঙ্গীরচর মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামি ও সমমনা ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান বলেন, তাঁদের সাত দফা দাবি না মানলে অচিরেই লাগাতার হরতালের কর্মসূচি দেওয়া হবে।দাবির মধ্যে রয়েছে: কমিউনিস্টদের দমন, সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস কথাটি পুনঃস্থাপন, শিক্ষানীতি ও নারীনীতি সংশোধন করা ইত্যাদি। এসব দাবিতে আগামী ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।