কর্মসূচি দিয়েও নিজ ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন না মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের কর্মীদের তাণ্ডবে গত ২৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ক্ষতিগ্রস্ত গড়েয়াহাট পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় কর্মসূচি দিয়েও গতকাল শুক্রবার যাননি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। এটি মন্ত্রীর সংসদীয় এলাকা।২৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্মসূচি বাতিল করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। নিহত যুবক চোঙ্গাখাতা গ্রামের মাইজুদ্দিনের ছেলে দাইমুল ইসলাম। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের জেলা কমিটির সভায় ওই এলাকায় তাণ্ডবের ঘটনা ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আওয়ামী লীগের জেলা সভাপতি ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সদর উপজেলার শুখানপুকুরীর কালিকাগাঁওয়ে ব্যারাজ কাম ব্রিজ উদ্বোধন শেষে ফেরার পথে ওই পরিদর্শনের ও মতবিনিময়ের কর্মসূচি দেন। তবে স্থানীয় নেতা-কর্মীরা সব আয়োজন শেষ করলেও পরে মন্ত্রী তা বাতিল করে দেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নিজ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। কিন্তু তাণ্ডবের দিন পুলিশ-বিজিবির গুলিতে আহত একজন হাসপাতালে মারা গেলে শুক্রবার দুপুরে তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের ভাবমূর্তি নষ্টের কথা ভেবে ওই কর্মসূচি বাতিল করেছি।’