কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলায় সব বিভাগীয় শহরে মহাসমাবেশসহ পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে সরকারি দল আওয়ামী লীগ। এ ছাড়া সংগঠনকে আরও চাঙা এবং গতিশীল করতে তৃণমূল নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে এ খবর পাওয়া গেছে।প্রধান বিরোধী দল বিএনপি সভা-সমাবেশ, ইউনিয়ন প্রতিনিধি সভা এবং বিভিন্ন দিবসভিত্তিক সমাবেশের মাধ্যমে সংগঠনকে আন্দোলনের জন্য প্রস্তুত করছে। সংগঠনটি বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটকে কাজে লাগিয়ে জনমত গঠনের চেষ্টা করছে। সম্প্রতি চট্টগ্রামে এক জনসভায় বিরোধীদলীয় নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।এ ছাড়া বিএনপির মিত্র জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর সারা দেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরামসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জামায়াতের সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটছে। কোথাও কোথাও ১৪৪ ধারা জারি করা হয়েছে। সূত্র জানায়, দুটি সংগঠনের এ রকম তৎপরতায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বিরোধী দলকে রাজনীতির ফাঁকা মাঠ দিতে চান না। এ জন্য তাঁরাও দলীয় কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে সারা দেশে আওয়ামী লীগের বর্ধিত সভা ও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর চলছে। আগামী জুন পর্যন্ত এসব কর্মসূচি চলার কথা। দলীয় সূত্রগুলো জানায়, জুনের পর সবগুলো বিভাগীয় শহরে মহাসমাবেশ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বক্তৃতা করবেন। এসব মহাসমাবেশে সরকারের সাফল্য সম্পর্কে জনগণের সামনে বিস্তারিত তুলে ধরা হবে। বিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা ও চেষ্টার কথাও জানানো হবে। তা ছাড়া এসব সংকটের পেছনে আগের সরকারগুলোর ব্যর্থতার কথাও বলা হবে।জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিভাগীয় শহরে মহাসমাবেশ করার পরিকল্পনা আছে। এসব মহাসমাবেশে সরকারের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হবে। সূত্র জানায়, চলতি মাসের মাঝামাঝি থেকে তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় শুরু করার কথা। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নানা সমস্যা সম্পর্কে অবহিত হবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কাউন্সিলের পর যেসব জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়নি, সেসব জেলাকে অগ্রাধিকারের ভিত্তিতে ডাকা হবে। তা ছাড়া সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে জুনের পর থেকে তৃণমূল পর্যায়ে কাউন্সিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।