কর্মস্থলে ফেরার পথেও ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ফেরার পথেও যানজটের ভোগান্তিতে পড়েছে রাজধানীমুখী মানুষ। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরেও ছিল তীব্র যানজট। গাজীপুর, মির্জাপুর (টাঙ্গাইল) ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধির পাঠানো খবর: গাজীপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরের দিকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে প্রায় ১০ কিলোমিটার এবং চন্দ্রা থেকে নবীনগর সড়কের দিকে প্রায় সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইলের ধেরুয়া এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট ভয়াবহ আকার ধারণ করে। চন্দ্রা মোড় এলাকায় বাসযাত্রী রবিউল ইসলাম জানান, তিনি সকাল সাতটায় রাজশাহী থেকে গাড়িতে উঠে চন্দ্রায় পৌঁছেছেন বিকেল সাড়ে চারটায়। স্বাভাবিক সময় এখানে আসতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা। কিন্তু আজ সময় লেগেছে প্রায় সাড়ে নয় ঘণ্টা। যাত্রী আমিনুল ইসলাম জানান, তিনি রংপুর থেকে কালিয়াকৈরের উদ্দেশে বের হয়েছেন সকালে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে ৪৫ মিনিটের পথ আসতেই তাঁর প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। পুলিশের তৎপরতায় দুপুরের দিকে যানজট কিছুটা কমতে থাকে। দুপুর সাড়ে ১২টার পর মোটামুটি স্বাভাবিক হয়। গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, সকালের দিকে যানজট থাকলেও দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাস ও ধেরুয়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে শুরু হওয়া যানজট ভোরের দিকে কিছুটা কমতে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার যানজট শুরু হয়। দুপুর প্রায় ১২টা পর্যন্ত তা অব্যাহত থাকে। দুপুরের পর ধীরে ধীরে যানজট স্বাভাবিক হয়।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দৌলতপুরে শুক্রবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনার কারণে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী যাত্রীরা জানায়, রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটির সঙ্গে আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন। এ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চান্দিনার নাওতলা থেকে দাউদকান্দির পেন্নাই পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ গতকাল সকাল আটটার পর রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। দুপুরের পর যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।