কর্মস্থলের নিরাপত্তা ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ব্যবসা করতে চাইলে কর্মস্থলের নিরাপত্তা ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করুন। মহান মে দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।একই সঙ্গে প্রধানমন্ত্রী মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য এবং ধ্বংসাত্মক কাজে যুক্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতির জন্য আত্মঘাতমূলক।সাম্প্রতিক সময়ে যেসব শ্রমিক কলকারখানা ভাঙচুরের সঙ্গে যুক্ত হয়েছেন, ভিডিও চিত্র দেখে অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানির ঘটনার কথা উল্লখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কলকারখানার মালিকদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আর শ্রমিকদের কান্না দেখতে চায় না। সরকার শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা, উন্নত কর্মপরিবেশ ও নায্য বেতন-ভাতা নিশ্চিত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলেও তিনি উল্লেখ করেন। ইউএনবি।