কর্মী ছাঁটাই করছেন অপরাহ
মার্কিন টিভিব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রের টেলিভিশন নেটওয়ার্ক অর্থনৈতিক মন্দায় ৩০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে চ্যানেলটির কার্যক্রম ঢেলে সাজানোরও পরিকল্পনা করা হয়েছে।গত বছরের ১ জানুয়ারি যাত্রা শুরু করেছিল অপরাহর নিজস্ব টিভি চ্যানেল অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক। কিন্তু বছর না পেরোতেই অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার চ্যানেলটির কার্যক্রম নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছেন অপরাহ। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রতিষ্ঠানটির এক-পঞ্চমাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।এ প্রসঙ্গে অপরাহর উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ‘আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কোনো কাজ ছিল না। কিন্তু প্রতিষ্ঠানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। প্রতিষ্ঠানের সিইও হিসেবে এর দীর্ঘস্থায়ী সাফল্যের বিষয়টিই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় এ পদক্ষেপ না নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।’অবশ্য যেসব কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, তাঁদের অপরাহ উইনফ্রে নেটওয়ার্কের অংশীদার প্রতিষ্ঠান ডিসকভারি কমিউনিকেসন্স এবং অপরাহর নিজস্ব হার্পো স্টুডিওতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। ডিসকভারি কমিউনিকেসন্স আড়াইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল অপরাহ উইনফ্রে নেটওয়ার্কের জন্য। প্রতিষ্ঠানটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি বিবেচনা করে ডিসকভারি কমিউনিকেসন্সের কর্তা-ব্যক্তিরা এর কার্যক্রমে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ডিসকভারির মার্কিন নেটওয়ার্কগুলোর চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেইল কার্স্ক অপরাহ উইনফ্রে নেটওয়ার্কে একই পদে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অপরাহ উইনফ্রে নেটওয়ার্কের পক্ষ থেকে আরও কিছু শীর্ষ পদেও প্রয়োজনীয় রদ-বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে