কর্মী ছাঁটাই নিয়ে গ্রামীণফোনকে বিটিআরসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে গ্রামীণফোনে কতজন জনবল ছাঁটাই করা হয়েছে—লিখিতভাবে সেই পরিসংখ্যান জানাতে গ্রামীণফোনকে (জিপি) চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই সঙ্গে ভবিষ্যতে জনবল ছাঁটাইয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জনবল ছাঁটাইয়ের ঘটনা সত্যি কি না এবং এ বিষয়ে জিপির অবস্থানও জানতে চেয়েছে বিটিআরসি। আজ বুধবার বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে।এ সম্পর্কে জিপির প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজি মনিরুল কবির প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রামীণফোনের পক্ষ থেকে বিটিআরসির এ চিঠির জবাব দেওয়া হবে।’এদিকে কর্মীসংখ্যা কমানো বা কর্মীদের গণহারে ছাঁটাইয়ের তথ্য ঠিক নয় বলে জিপি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তনশীল বাজার ও বাস্তবতার প্রতি সাড়া দিতে এবং ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিযোগিতা সক্ষম থাকার জন্য জিপির ব্যবসা পুনর্বিন্যাস করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কোম্পানির বিভিন্ন শাখা একীভূত করা হয়েছে, অন্যদিকে নতুন পদের সৃষ্টি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে পুনর্গঠিত সংগঠনে সব কর্মীর জন্য পদ না থাকায় কিছু কর্মীকে বিদায় নিতে হচ্ছে। এসব বিদায়ী কর্মীর ১২টি মোট বেতনের সমান অর্থভিত্তিক একটি বিদায়ী প্যাকেজ দেওয়া হচ্ছে। এ ছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ এবং শিক্ষাঋণ বাবদ কর্মীদের কাছে কোম্পানির পাওনাও মওকুফ করা হয়েছে।