কর্মী নিহতের ঘটনায় চাটখিলে হেফাজতের সড়ক অবরোধ
ঢাকায় সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ সোমবার নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন সংগঠনের স্থানীয় কর্মীরা। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গতকাল রোববার ঢাকায় সংঘর্ষে মো. আনোয়ার শাহ ওরফে মওদুদ (৩৮) নামের হেফাজতের এক কর্মী নিহত হওয়ার বিষয়টি নোয়াখালীর সদর উপজেলার হেফাজতে ইসলামের সেক্রেটারি রুহুল আমিন চৌধুরী নিশ্চিত করেন। এরই প্রতিবাদে তাঁরা আজ সকালে ওই সড়ক অবরোধ করেন। নিহত আনোয়ার শাহ উপজেলার শ্রীনগর গ্রামের আবদুল হাসনাতের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের কর্মী নিহত হওয়ার খবর পৌঁছানোর পর আজ সকাল নয়টার দিকে হেফাজতে ইসলামের কর্মীরা চাটখিলের হালিমা দীঘিরপাড় এলাকায় গাছ কেটে চাটখিল-সোনাইমুড়ী সড়ক অবরোধ করেন। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে দেয়।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরাতে গেলে হেফাজতে ইসলাম ও বিএনপির কর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে লাঠিপেটা ও দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’