কর্মীদের কোন্দল কমাতে...
‘অন্যের সাথে ভালো ব্যবহার করুন’—এই নীতি তো আর সব সময় কাজ করে না। নানা কারণে প্রতিষ্ঠানের কর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে। তবে এসব ঝামেলা নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে ব্যবস্থাপনা বিভাগ। কিন্তু কর্মীদের কোন্দল কমাতে কতটা সময় কাটছে তাদের? সম্প্রতি আন্তর্জাতিক এক সমীক্ষায় দেখা গেছে, এ কাজে ব্যবস্থাপকেরা তাদের সময়ের ১৮ শতাংশ ব্যয় করছেন। মানে বছরে নয় সপ্তাহ কিংবা সোজা হিসাবটা হলো, সপ্তাহে সাত ঘণ্টার বেশি কাজের সময় নষ্ট হচ্ছে অকাজেই! কর্মীদের কোন্দল কমাতে করণীয় কী? ক্যারিয়ার জার্নালের পাঁচটি পরামর্শ পরখ করে দেখতে পারেন। সমস্যাকে গুরুত্ব দিন: আপনি হয়তো কর্মীদের ছোটখাটো বিষয়ে নাক গলাতে চান না। প্রায়ই টুকিটাকি ঝামেলা না দেখার ভান করে এড়িয়ে যান। সমস্যাকে ভয় না পান, গুরুত্ব তো দিতে হবে। তাই কর্মীদের কোন্দলের কথা কানে এলে এর কারণটা জানার চেষ্টা করুন। যারা এর সঙ্গে জড়িত, তাদের নিয়ে বসেন। কর্তৃপক্ষ নারাজ হলে ভবিষ্যতে চাকরি যেতে পারে—বিষয়টা তাদের কাছে স্পষ্ট করতে পারেন। পচা আপেলটি যেন পুরো ঝুড়ি নষ্ট না করে: কর্মীদের মধ্যে মনকষাকষি বাড়তে থাকলে একসময় সংঘর্ষেও জড়াতে পারে তারা। এ রকম ক্ষেত্রে তাদের স্মরণ করিয়ে দিতে পারেন, কাজে সহকর্মীদের সহযোগিতা করা এবং বিনয়ের সঙ্গে সমালোচনা করার গুণ চাকরি টিকিয়ে রাখার একটি অন্যতম যোগ্যতা। আনুষ্ঠানিকতার আয়োজন করুন: কর্মীরা যেন একে অপরকে ভালোভাবে জানতে পারে, তাদের নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তোলার জন্য ভোজ কিংবা এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, যেখানে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে। উর্যাসাহ দিতে পুরস্কৃত করুন: কর্মীদের ভালো কাজের জন্য প্রশংসা করুন। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কর্মক্ষেত্রে যারা ভালো ভূমিকা রাখছে, তাদের পুরস্কৃত করুন। শুরুতেই গুরুত্ব দিন: সবচেয়ে ভালো হয়, যদি প্রার্থীদের দক্ষতা ও অন্যান্য বিশেষ গুণের প্রতি নজর রেখে কর্মী নির্বাচন করেন। তাহলে কর্মীদের মধ্যে কোন্দল হওয়ার হার অনেকাংশেই কমে যাবে।