কর্মীদের সব দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভ ও অবরোধের মুখে দফায় দফায় বৈঠকের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারীদের সব দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।পেনশনের সুবিধাসহ নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন ছিল উত্তপ্ত। কর্মীরা ওই ভবন অবরোধ করে বিক্ষোভ এবং বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের পদত্যাগ দাবি করে মিছিল করেন। বিকেল সোয়া পাঁচটায় বিমানের পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম সভাকক্ষ থেকে বেরিয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে কর্মীরা অবরোধ তুলে নেন।সন্ধ্যায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের পাঁচ দফা দাবির সবই মেনে নেওয়া হয়েছে। আশা করি, এতে সবাই খুশি হবেন।’ তিনি বলেন, কর্মীদের দাবি অনুযায়ী সরকারি পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই বেতনকাঠামো হবে। তাতে ৬০ থেকে ৭০ শতাংশ বেতন বাড়বে। পেনশন-সুবিধা ও টাইম স্কেল-ইনক্রিমেন্ট আগের মতোই অব্যাহত থাকবে। এ ছাড়া গত মঙ্গলবার চূড়ান্ত করা পে-স্কেল বাতিল ও কোম্পানি সচিব এম এ রশিদকে অব্যাহতি দেওয়ার দাবিও মেনে নেওয়া হয়েছে বলে তিনি জানান।চূড়ান্ত করা ওই পে-স্কেলে পেনশন-সুবিধা বাতিল এবং তিন বছর পর পর একটি ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল। এ ছাড়া বেতন বৃদ্ধির হারও ছিল অনেক কম। বিষয়টি জানার পর ওই দিনই সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও বলাকা কার্যালয় অবরোধ করেন। সেদিন কর্মচারী নেতাদের সঙ্গে এমডি একটি সমঝোতা স্মারকে সই করেন। সেই মোতাবেক গতকাল পরিচালনা পর্ষদের জরুরি সভা হয়।বিমান অফিসার্স অ্যাসোসিয়শনের সভাপতি জহিরুল হক বলেন, বিমানকর্মীদের দুর্ভাগ্য যে আন্দোলন ছাড়া কখনোই পে-স্কেল দেওয়া হয় না। এর আগে সর্বশেষ ২০০৫ সালেও আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পে-স্কেল দিয়েছিল।প্রত্যক্ষদর্শী ও বিমান সূত্র জানায়, কর্মীদের দাবি-দাওয়া নিয়ে গতকাল দুপুর একটায় বলাকা ভবনের দোতলায় বিমান পরিচালনা পর্ষদের জরুরি সভা শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। এর আগেই সকালে দাবি আদায়ে গঠিত সম্মিলিত সংগ্রাম কমিটির পক্ষ থেকে লিখিতভাবে দাবি-দাওয়া জমা দেওয়া হয়।দুপুর দেড়টা থেকে বিভিন্ন শাখার কর্মীরা বলাকায় জড়ো হতে থাকেন। তাঁরা বিক্ষোভ ও বিমানের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। বেলা তিনটায় পরিচালনা পর্ষদের সভা শেষ হয়। তখন পর্যন্ত কোনো দাবি মানা হয়নি বলে খবর ছড়ালে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তাঁরা নিচতলা ছাড়াও দোতলায় সম্মেলনকক্ষের সামনে গিয়েও বিক্ষোভ ও মিছিল করেন। এ সময় বিমান কার্যালয়ে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পুরো পরিচালনা পর্ষদ অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত র্যাব ও পুলিশ সেখানে অবস্থান নেয়। কর্মীদের অনড় অবস্থানের মুখে কর্তৃপক্ষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দফায় বিমান এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি শাহ আলম, বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি এবাদুর রহমান, সোসাইটি অব এয়ারলাইনস ইঞ্জিনিয়ার্সের সভাপতি আকতারুজ্জামান, শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান, শ্রমিক দলের ফিরোজ্জামান ও বিমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মীর শহিদুল্লাহর সঙ্গে বৈঠক করে। বিকেল সোয়া পাঁচটায় দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে শ্রমিক-কর্মচারীদের প্রতিটি সংগঠনের নেতারা কর্মীদের উদ্দেশে বক্তৃতা করে তা জানান। এ সময় কর্মীরা উল্লাস প্রকাশ করেন।বিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি এবাদুর রহমান প্রথম আলোকে বলেন, কর্মীদের দীর্ঘদিনের দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে, এটা তাঁদের আন্দোলনের ফসল। দেরিতে হলেও দাবি মেনে নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জান তিনি।