কর্মে নিযুক্তির জন্য বেকার বন্দর শ্রমিকদের যাচাই-বাছাই শুরু
কর্মহীন বন্দর শ্রমিকদের চাকরি দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে আজ মঙ্গলবার তাদের যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। এ উদ্দেশ্যে আজ সকাল সাড়ে ১০টা থেকে ডক শ্রমিক, স্টিভিডোরিং স্টাফ এবং মার্চেন্ট শ্রমিক—এই তিন শ্রেণীর শ্রমিকদের জন্য গঠিত উপকমিটিতে প্রাথমিকভাবে ৫৫০ জনের যাচাই-বাছাই শুরু হয়েছে। বন্দর স্টেডিয়ামের তিনটি কক্ষে এই পরীক্ষা চলছে। প্রতিটি কমিটিতে একজন করে চিকিত্সক রয়েছেন। মার্চেন্ট শ্রমিক বাছাই কমিটির চিকিত্সক সারোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকরা শারীরিকভাবে সক্ষম কি না এ বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।’ তবে এসব শ্রমিককে কোথায় কখন নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এই তিন শ্রেণীর অন্তত তিন হাজার শ্রমিক বেকার রয়েছেন বলে চট্টগ্রাম বন্দরের এ সংক্রান্ত কমিটি শনাক্ত করেছে।গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ পরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মহীন শ্রমিকদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরি করতে বন্দর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এস আরিফ মাহমুদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটিতে বন্দর কর্মকর্তা, বেসরকারি অপারেটর এবং শ্রমিক প্রতিনিধিরা রয়েছেন।প্রসঙ্গত, ২০০৭ সালের ১৬ মে থেকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক নিয়োগ পদ্ধতি বার্থ অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। যখন যত জন শ্রমিক দরকার, বার্থ অপারেটররা ঠিক তত জন শ্রমিক কাজের আগে নিয়োগ দিচ্ছেন। বন্দরের কাজে বার্থ অপারেটিংপ্রথা চালুর আগে ১৯৮০ সালে প্রণীত ডক শ্রমিক (নিয়োগ ও নিয়ন্ত্রণ) আইনের আওতায় গঠিত ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড শ্রমিক নিয়োগ করত।বন্দরের কনটেইনার ও পণ্য ওঠানামার কার্যক্রম এখন বেসরকারি অপারেটররা পরিচালনা করছেন। শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের কোনো আলাপ-আলোচনা হয়নি। তবে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হলে কর্মরত শ্রমিকদের কাজ কমে আসতে পারে বলে আশঙ্কা করছে কর্মরত শ্রমিকদের একটি অংশ। সে ক্ষেত্রে মজুরি কম পাওয়ারও আশঙ্কা করছেন তাঁরা।