কল থেকে মেলে ভোজ্যতেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোখসানা বেগম থাকেন ধানমন্ডিতে। কাঁচা আম দিয়ে তিনি আচার তৈরি করবেন। আর তাই খাঁটি সরিষার তেল কিনতে এসেছেন ২৩৫/৩ নিউ এলিফ্যান্ট রোডে। বাটা সিগনাল মোড়ের পাশের এক ভোজ্যতেলের কল থেকে বোতলভর্তি তেল নিলেন তিনি।মোড়কে মোড়ানো বোতলজাত তেল থাকতেও কলের তেল নিচ্ছেন কেন? এমন প্রশ্নে রোখসানা বেগম বলেন, ‘দোকানের তেল খাঁটি কি না আমরা জানি না। কিন্তু ভোজ্যতেল কলের তেল খাঁটি বলে মনে হয়। তাই এখান থেকে নিয়মিত তেল কিনি।’খাঁটি তেল কিনতে তাঁর মতো আরও অনেকেই এসেছেন নিউ এলিফ্যান্ট রোডের এই ভোজ্যতেল ভাঙানোর কারখানায়। এখানে পাঁচ জোড়া ঘানি দিয়ে সরিষা, নারকেল ও কালোজিরা ভাঙিয়ে তেল উৎপাদন ও বিক্রি করা হয়। চার দশক বয়সী এই কারখানায় আশপাশের এলাকা তো বটেই নগরের অন্যান্য এলাকা থেকেও মানুষজন আসে। সবার উদ্দেশ্য, খাঁটি তেল সংগ্রহ করা। ভোজ্যতেলের কলটি এতটাই পরিচিত হয়ে উঠেছে যে এর পাশের একটি ভোজ্যতেল কলের গলি। নিউ এলিফ্যান্ট রোড থেকে গলিটি চলে গেছে কাটাবন ঢালের দিকে।ভোজ্যতেলের কলটি প্রতিষ্ঠা করা হয়েছে ‘আবেদা-নূর ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে। কলের কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের প্রতিষ্ঠান আবেদা-নূর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করে। কল থেকে যে টাকা আয় হয় তার পুরোটাই ব্যয় করা হয় গ্রামীণ এতিম-দুস্থদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায়।তিনি আরও জানান, কৃষকদের কাছ থেকে সরিষা, নারকেল ও কালোজিরা সংগ্রহ করেন তাঁরা। তা ঘানি দিয়ে ভাঙিয়ে তেল উৎপাদন করেন। এখানে প্রতি লিটার সরিষার তেলের দাম ১৫২ টাকা ও নারকেল তেল ২৪০ টাকা। আর কালোজিরার তেল বিক্রি হয় কেজি হিসেবে। প্রতি কেজির দাম এক হাজার ৪০০ টাকা। কল থেকে উৎপন্ন উপজাত নারিকেলের খৈলও পাওয়া যায় এখানে। প্রতি কেজি খৈলের দাম ৩০ টাকা। গবাদি পশুর জন্য অনেকে খৈল কিনতে আসেন এখানে।আগে থেকে ফরমায়েশ দিলে ভোজ্যতেল কল থেকে সরবরাহও করা হয়। এ ক্ষেত্রে তেলের টাকা অগ্রিম দিতে হয়।ভোজ্যতেলের কল খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। তবে এখন মঙ্গলবারও খোলা থাকছে। কারণ, কাঁচা আমের এই সময়টাতে আচার তৈরি করতে অনেকেই এখানে সরিষার তেল নিতে আসছেন।