কল সেন্টার ভিলেজ গড়ে তোলার পরামর্শ সংসদীয় কমিটির
সম্ভাবনাময় শিল্পক্ষেত্র হিসেবে কল সেন্টারগুলোকে এক জায়গায় এনে কল সেন্টার ভিলেজ গড়ে তোলার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ২০ আগস্টের মধ্যে কমিটিকে জানানোর জন্য ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠক এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে কল সেন্টার শিল্প তৈরির ক্ষেত্র প্রস্তুত। বর্তমানে ৬১টি কল সেন্টার চালু রয়েছে। এসব সেন্টারে ছয় হাজারের বেশি শিক্ষিত তরুণ-তরুণী কাজ করছে। কল সেন্টারগুলো বর্তমানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সে জন্য কমিটির পক্ষ থেকে সব কল সেন্টারগুলোকে এক জায়গায় এনে কল সেন্টার ভিলেজ তৈরির সুপারিশ করা হয়েছে।বৈঠকে বিটিআরসি কর্তৃক একটি শক্তিশালী কমিটি গঠন করে কল সেন্টার প্রতিষ্ঠার একটি গাইডলাইন আগামী ২০ আগস্টের মধ্যে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।হাসানুল হক বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পোশাকশিল্পের পর সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে কল সেন্টারকে বিবেচনায় নেওয়া যেতে পারে। এ জন্য কল সেন্টার ভিলেজে কম দামে ব্রডব্যান্ড সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করা হলে কল সেন্টার বড় শিল্পে পরিণত হবে।বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, আবদুল ওদুদ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন ও গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।