কলকাতা উৎসবে ‘গেরিলা’র জয়
১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) পুরস্কার পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র গেরিলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। গতকাল বৃহস্পতিবার উৎসবের শেষ দিন সন্ধ্যায় কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনে নাসির উদ্দীন ইউসুফের হাতে এই পুরস্কার তুলে দেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। এবারই প্রথম কলকাতা উৎসবে যোগ হয়েছে এই নেটপ্যাক পুরস্কার। এই পুরস্কারের জন্য দেখানো হয়েছিল এশিয়ার বিভিন্ন দেশের ১২টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে একমাত্র পুরস্কারটি পেয়ে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ ছিলেন অভিভূত। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটাই গেরিলার প্রথম পুরস্কার। যাঁরা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন—এই অর্জন সেই বীরদের উদ্দেশে উৎসর্গ করছি। মুক্তিযুদ্ধভিত্তিক কোনো কাজ যদি পুরস্কৃত হয়, তাহলে স্বাভাবিকভাবেই অনেক আনন্দ হয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও আজ সে রকমই আনন্দিত।’তিনি ছবির অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসানের কথা উল্লেখ করে বলেন, ‘জয়া তাঁর অসাধারণ অভিনয় দিয়ে ছবিটিকে ভিন্নমাত্রা এনে দিয়েছে।’জয়া আহসান মুঠোফোনে বলেন, ‘এটা আসলে আমাদের পুরো গেরিলা দলের সাফল্য। বাচ্চু ভাই (নাসির উদ্দীন ইউসুফ) ছিলেন আমাদের দলের কাণ্ডারী। আমরা সবাই তাঁকে অনুসরণ করেছি। বিদেশি অনেক ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গেরিলার এই অর্জন আমাদের চলচ্চিত্রের বিজয়।’সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গেরিলা পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেসব দৃশ্য এখনো চোখে ভাসে।’ নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব শুরু হয়েছিল ১০ নভেম্বর। ৫০টি দেশের ১৫৩টি ছবি দেখানো হয় এতে। গেরিলা প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিজয়ের মাসের প্রাক্কালে গেরিলার এই পুরস্কারপ্রাপ্তি বিজয়ের আনন্দকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ।’