কলকাতা উৎসবে ‘গেরিলা’র প্রদর্শনী
কলকাতা চলচ্চিত্র উৎসবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গেরিলার প্রদর্শনী হলো গতকাল শুক্রবার। কলকাতার নন্দনে স্থানীয় সময় বিকেল তিনটায় গেরিলার প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের ‘এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা’র উদ্বোধন হয়। চলচ্চিত্রটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে আজ শনিবার ও পরশু সোমবার। জানা গেছে, কলকাতা উৎসবে ‘এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা’ বিভাগে ১৫টি ছবির প্রদর্শনী হচ্ছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, অভিনয়শিল্পী জয়া আহসান, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ ও সংগীত পরিচালক শিমূল ইউসুফ। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। উৎসবে আসা আমন্ত্রিত অতিথিদের সম্মানে ওই দিন রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজিত নৈশভোজে যোগ দেন তাঁরা। গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে আসেন জয়া। তিনি বলেন, ‘এবার উৎসবে আমার অভিনীত গেরিলা ও ডুবসাঁতার ছবি দুটির প্রদর্শনী হচ্ছে। সাধারণত একই শিল্পীর দুটি ছবি একই উৎসবে তেমন একটা দেখা যায় না। সেদিক থেকে আমার অংশগ্রহণ সেখানে গণমাধ্যমগুলো যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সেখানে বিভিন্ন জুরি বোর্ডের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা গেরিলা ছবিটির ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে।’