চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। লিখেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকে অভিনয় করছেন কল্যাণ। কথা হলো তাঁর সঙ্গে।চৈতা পাগল নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমার চরিত্রটির নাম মিন্টু। ব্রাহ্মণ ছেলে। আমাকে ভালোবাসার প্রস্তাব দেয় গ্রামের মেম্বারের মেয়ে। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আমার সঙ্গে এরই মধ্যে গ্রামের হিন্দু মেয়ে মিরার সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে এসে ধর্মের দোহাই দিয়ে আমাদের সেই সম্পর্কটাও টেকে না। ওই দিকে মেম্বারের মেয়েকে পছন্দ না করায় সে তাঁর বাবাকে দিয়ে আমাকে একপর্যায়ে গ্রামছাড়া করে। তারপর আমি কলকাতায় চলে যাই। চৈতা পাগল নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?এটা আসলে একেবারে অন্য রকম অনুভূতি। নাটকটির সংলাপে আমাকে কলকাতা ও নোয়াখালীর ভাষায় কথা বলতে হয়েছে, যা প্রথম দিকে আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। তবে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। শুটিং করতে করতে একপর্যায়ে সবকিছু মোটামুটি আয়ত্তে চলে আসে। নাটকটির পরিচালক মাহফুজ আহমেদের যথেষ্ট সহযোগিতার কারণেই অবশ্য এটা খুব দ্রুত সময়ে আয়ত্তে আনতে পেরেছি। তিনি প্রতিটি সংলাপ ধৈর্যের সঙ্গে বুঝিয়ে দিয়েছেন। নাটকটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন তাহসিন। এ ছাড়া জয়া আহসান ও রওনক হাসানের কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এখন অবশ্য আর কোনো সমস্যা হয় না।টিভি নাটকে আপনার আগমনটা কীভাবে?আমি একসময় র্যাম্পে কাজ করতাম। ২০০৭ সালে আমার সঙ্গে মেজবাউর রহমানের পরিচয় হয়। সে সময় বিভিন্ন চ্যানেলে আমার একটি বিজ্ঞাপন চলছিল। বিজ্ঞাপনটি দেখেই তিনি আমাকে নাটকে কাজ করার প্রস্তাব দেন। তাঁর পরিচালনায় সে সময় করা নাটকটি হচ্ছে প্রেম ও পরাবাস্তবতা। আমার অভিনয়ে আসার ক্ষেত্রে আরেকজন মানুষের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন অভিনেত্রী তানভিন সুইটি। বলতে গেলে তিনি আমাকে হাতে ধরে নাটকের কাজ শিখিয়েছেন।বর্তমানে কী কী কাজ করছেন?এক ঘণ্টা ও ধারাবাহিকসহ বেশ কটি নাটকের কাজ চলছে। এরই মধ্যে শেষ করলাম মাতিয়া বানু শুকুর পরিচালনায় ধারাবাহিক ওচাঁদ। এ ছাড়া আছে মিজানুর রহমান লাবুর চেয়েছি তোমাকে, আশরাফী মিঠুর কেরানীর বউ, অধরা মাধুরী ও না। এ ছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল ও সৈয়দ ওয়ালীউল্লাহর জনপ্রিয় গল্প নিয়ে আশরাফী মিঠু সাহিত্যের গল্প নামে একটি ধারাবাহিক নাটক তৈরি করছেন। সেটাতেও কাজ করছি।