কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘গেরিলা’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেল বাংলাদেশের গেরিলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিটি তৈরি করেছেন নাসির উদ্দীন ইউসুফ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সংস্কৃতিকেন্দ্র ‘নন্দন’-এ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেন কলকাতার প্রখ্যাত পরিচালক সন্দীপ রায়।

প্রসঙ্গত, এ বছরই প্রথম এই চলচ্চিত্র উত্সবে সেরা ছবির পুরস্কার দেওয়া শুরু হলো।সমাপনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো তাঁর চোখে ভাসে। সেই সময় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ আর ‘শোন একটি মুজিবের কণ্ঠ’ গান দুটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। মমতা আরও বলেন, আগামী বছর সাত দিনই এই উৎসব চলবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এতে করে বহু মানুষ এই উৎসব দেখার সুযোগ পাবে।কলকাতার এই চলচ্চিত্র উৎসব শুরু হয় ১০ নভেম্বর। উৎসবে যোগ দেয় ৫০টি দেশের ১৫৩টি ছবি। বাংলাদেশ থেকে যোগ দেয় তিনটি ছবি। ছবিগুলো হলো নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুব সাঁতার’ ও রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেহেরজান’।