কলকাতা বইমেলা শুরু ২৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন হবে ২৬ জানুয়ারি। কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত এই বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বইমেলার উদ্বোধন করবেন। প্রতিবছর ১২ দিন চললেও এবার বইমেলা চলবে ১৬ দিন। এবারের লিটারারি মিটে দুদেশের দুই নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন ও ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। আজ শনিবার বইমেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। মিলনমেলা ময়দানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, এ বছর বাংলা সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য লাইফটাইম অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশিষ্ট লেখক মনিশঙ্কর মুখোপাধ্যায় শংকর। পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এ ছাড়াও বাংলাদেশের ৩৬টি প্রকাশনা সংস্থা বইমেলায় যোগ দিচ্ছে। বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হবে জাতীয় সংসদের আদলে। এবারের বইমেলায় উদ্বোধনীতে রবীন্দ্রসংগীত আর লালনগীতির সুর বাজবে বলেও তিনি জানান।ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বইমেলায় দুই বাংলার সদ্যপ্রয়াত তিন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ ও হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধা জানানোর জন্য নানা অনুষ্ঠানসহ তাঁদের নিয়ে পৃথক স্টল থাকছে বইমেলায়। ৩৭ বছরে পা দেওয়া এবারের বইমেলায় সব মিলিয়ে ৮০০ স্টল থাকছে বলেও তিনি জানান।