কলকাতা বইমেলার উদ্বোধন
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে। কলকাতার মিলনমেলা ময়দানে ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইতালির প্রখ্যাত সাহিত্যিক বেঁপে সিভারনিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এ বইমেলা ৩৬ বছরে পা দিয়েছে। ৪ ফেব্রুয়ারি বইমেলায় উদ্যাপন হবে বাংলাদেশ দিবস।বইমেলা শুরু হয় ইতালির প্রখ্যাত সুরকার আন্তেনিও ভিভালডির সুরের মূর্ছনার মাধ্যমে। বইমেলায় প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতার বইমেলা বিশ্বের গর্ব। বই আমাদের অন্তরের মিউজিয়াম। নলেজ ব্যাংক বাড়াতে সাহায্য করে। আর এ বইমেলাই বিশ্বসাহিত্যের এক মিলনমেলা।’এ বইমেলায় মেলার উদ্বোধক ইতালির সাহিত্যিক বেঁপে সিভানিনির লা বেলা ফিগুরা বইটির বাংলা সংস্করণ চোখের আলোয় ইতালি প্রকাশিত হয়।এবারের মেলায় বাংলাদেশের ৩০টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এবারে বাংলাদেশের প্যাভিলিয়ন গড়া হয়েছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে ঢাকার নগর ভবনের আদলে।এবারের বইমেলার থিম কান্ট্রি ইতালি। যোগ দিয়েছে ২০টি দেশ। এবারই প্রথম যোগ দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও জাপান। সব মিলিয়ে স্টল হয়েছে ৭৮৮টি। এবারই প্রথম বইমেলায় আয়োজন করা হয়েছে সাহিত্য সম্মেলনের। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠিত হবে এই সাহিত্য সম্মেলন। এতে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকেরা যোগ দেবেন।