কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ২৮টি প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২৪ জানুয়ারি। এদিন ময়দানে মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি থাকবেন ইতালির প্রখ্যাত সাহিত্যিক বেঁপে সিভারনিনি। মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এই বইমেলা ৩৬ বছরে পা দিচ্ছে।এবারের মেলায় বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দিচ্ছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি শনিবার প্রথম আলোকে জানান, এবারে বাংলাদেশের প্যাভিলিয়ন গড়া হচ্ছে ঢাকার নগর ভবনের আদলে। মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে আরও জানান, এবারের বইমেলার থিম কান্ট্রি ইতালি। যোগ দিচ্ছে ২০টি দেশ। আর এবারই প্রথম যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও জাপান। সব মিলিয়ে স্টল হচ্ছে ৭৮৮টি। তিনি আরও জানান, এবারই প্রথম বইমেলায় আয়োজন করা হয়েছে সাহিত্য সম্মেলনের। ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠিত হবে এই সাহিত্য সম্মেলন। এতে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যকেরা যোগ দেবেন।