কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়। কলকাতার বইপ্রেমীরা বাংলাদেশি বই দেখা ও কেনার জন্য প্রতিদিনই ভিড় করছেন। গত শনি ও রোববার ভিড় ছিল সবচেয়ে বেশি। এ দুই দিন বইপ্রেমীদের লাইন দিয়ে ঢুকতে হয়েছে প্যাভিলিয়নে। ক্রেতাদের আগ্রহ দেখা গেছে বাংলা ভাষায় মুদ্রিত কম্পিউটারের বিভিন্ন বই, মুক্তিযুদ্ধবিষয়ক নানা বইসহ বিভিন্ন উপন্যাসের প্রতি।এবারের বইমেলায় বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এর মধ্যে সরকারি ছয়টি এবং বেসরকারি ২২টি। বইমেলা শুরু হয়েছে ২৫ জানুয়ারি। শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এবারে বাংলাদেশের প্যাভিলিয়ন গড়া হয়েছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে ঢাকার নগর ভবনের আদলে।বাংলাদেশ দিবসএবারের বইমেলায় বাংলাদেশ দিবস উদ্যাপিত হবে ৪ ফেব্রুয়ারি। এদিন বিকেলে বইমেলায় অনুষ্ঠিত হবে বিশেষ সেমিনার। এবারের সেমিনারের শিরোনাম ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গ্রন্থ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়। আলোচনা করবেন অধ্যাপক মুনতাসীর মামুন, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ধ্রুব চট্টোপাধ্যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দিলীপ সিনহাসহ বিশিষ্টজনেরা।