কলকাতা সফরে বিজিবির স্কুলের ১৯ শিক্ষার্থী
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের আমন্ত্রণে কলকাতায় শুভেচ্ছা সফরে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ডসের (বিজিবি) বিভিন্ন বিদ্যালয়ের ১৯ শিক্ষর্থী। আজ বুধবার সকালে এই শিক্ষার্থরা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে কলকাতায় আসে। শিক্ষার্থী দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের লে. কর্নেল মো. জাকির হোসেন। প্রতিনিধিদলে আরও আছেন মেজর মোল্লা মোহাম্মদ রুবায়েত।আজ দুপুরে কলকাতার দক্ষিণ বঙ্গ বিএসএফের হেড কোয়ার্টারে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএসএফের দক্ষিণ বঙ্গ আইজি রবিকুমার পন্থ এবং ডিআইজি জে এস এন ডি প্রকাশ সহ বিএসএফের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই শুভেচ্ছা সফর।বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা লে. কর্নেল জাকির হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের এই সফরের ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা দুই দেশ মিলেমিশে সীমান্ত পাহারা দিচ্ছি। এই সফর আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার নতুন বার্তা দেবে।’বিজিবির এই শিক্ষার্থীরা তিন দিনের সফরে কলকাতায় এসেছে। তারা কলকাতার বিজ্ঞান নগরী, বিড়লা জাদুঘর, বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক দেখবে। তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবে।