কলকাতায় রাবেয়া খাতুনের ‘ছোটদের ছোট গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী রাবেয়া খাতুনের নতুন বই ‘ছোটদের ছোট গল্প’ কলকাতায় প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার অবনীন্দ্র সভাঘরে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন কলকাতার বিশিষ্ট কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কলকাতায় রাবেয়া খাতুনের এটাই প্রথম প্রকাশিত গ্রন্থ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘পাঠক’।বইটির মোড়ক উন্মোচন শেষে রাবেয়া খাতুন বলেন, ‘কলকাতায় এই বইটি প্রকাশ হওয়ায় আমার ভালো লাগছে। আমার ভালোলাগা শহর কলকাতা। আমি যত দিন বেঁচে থাকব, তত দিন লিখে যাব।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ পবিত্র সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম, সাহিত্যিক জাহিরুল হাসান, তপন বন্দ্যোপাধ্যায়, কিন্নর রায়, শচীন দাস, ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল-আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের রন্ধনবিদ কেকা ফেরদৌসী প্রমুখ।