কলকাতায় শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় ৪ শিক্ষক গ্রেপ্তার
কলকাতার ‘লা ম্যারটিনিয়ের’ স্কুলের ১৩ বছর বয়সী শিক্ষার্থী রোভনজিৎ রাওলার আত্মহত্যার সাত মাস পর স্কুলের অধ্যক্ষসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার রোভনজিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এ তথ্য দিয়েছে।পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার দময়ন্তী সেন বলেন, আজ সকালে স্কুলের অধ্যক্ষ সুনির্মল চক্রবর্তী এবং অন্য তিনজন শিক্ষক—গার্নিয়ান, পার্থ দত্ত ও ডেভিড রাউনকে গ্রেপ্তার করা হয়েছে।রোভনজিতের বাবা গ্রেপ্তারের এ ঘটনাকে একটা মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, ঘটনাটা ধামাচাপা পড়ার আগেই এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য ঈশ্বর ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ন্যাশনাল কমিশন ফর দ্য প্রটেকশন অব চাইল্ড রাইটসের (এনসিপিসিআর) একটি দল তদন্ত করে গত জুন মাসে শিক্ষকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়। এনসিপিসিআরের সদস্য অশোক আগারওয়াল বলেন, শিশুটিকে বেত্রাঘাত করার সঙ্গে তার আত্মহত্যার সরাসরি সম্পর্ক রয়েছে।গত ১২ ফেব্রুয়ারি স্কুলের অধ্যক্ষের বেত্রাঘাতের পরই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রোভনজিৎ আত্মহত্যা করেছিল। মৃত্যুর পর তাঁর বাবা অজয় রাওলা ছেলেকে শারীরিক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষসহ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেন।