কলকাতার গণমাধ্যমে সাঈদীর রায় ফলাও করে প্রকাশ
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খবর আজ শুক্রবার কলকাতার সব গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছে। কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’র প্রথম পাতায় প্রকাশিত খবরের শিরোনাম হলো—‘ফাঁসির রায়ে তপ্ত বাংলাদেশ, নিহত ৪৪’। ইংরেজি দৈনিক ‘স্টেটসম্যান’ পত্রিকাটি তাদের প্রথম পাতায় খবরটি চার কলামজুড়ে ছেপেছে। শিরোনাম দিয়েছে—‘সাঈদীর ফাঁসির দণ্ডে হিংস্র জামাতের তাণ্ডবে নিহত ৪২’। ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ খবরটি ছেপেছে আট কলামজুড়ে। খবরের শিরোনাম—‘ওয়ার ক্রাইমস ভারডিক্ট ট্রিগার্স বাংলা রায়টস, থারটি টু কিলড’। আরেকটি জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘ডেইলি টেলিগ্রাফ’ শিরোনাম করেছে—‘জামায়াত লিডার গেটস ডেথ ফর ওয়ার ক্রাইমস’। কলকাতার হিন্দি ও উর্দু দৈনিকগুলোও এটি গুরুত্বপূর্ণ খবর হিসেবে প্রকাশ করেছে। এ ছাড়া, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খবরটি গুরুত্ব পায়।