কলকাতার ছবিতে আইয়ুব বাচ্চুর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম ৮: ০৮-এর বঙ্গ লোকাল। কলকাতার এই ছবির পরিচালক দেবাদিত্য। খবর সেটা নয়; আমাদের জন্য খবরটি হলো, এই ছবিতে গান করছেন আইয়ুব বাচ্চু। আর এবারই প্রথম কলকাতার কোনো ছবির গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। দু-এক দিনের মধ্যে নিজের স্টুডিও এবি কিচেনে গানটিতে কণ্ঠ দেবেন। গানটির প্রথম কয়টি লাইন হলো, ‘রোজ সকালে ঘুম থেকে ওঠা/ একই রুটিন সেই একই ছোটা/ ভিড় ঠেলে দৌড়ানো দ্রুত/ বেঁচে থাকার টুকিটাকি ছুতো’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তন্ময় বোস। কলকাতার ছবির গানে নিজের স্টুডিওতে কণ্ঠ দেবেন? কলকাতায় কেন নয়? আইয়ুব বাচ্চু বললেন, ‘এ মাসের মাঝামাঝি আমি কলকাতায় গিয়েছিলাম। ওখানে দিঘা ও মান্দারমানিতে দুটি সৈকত উৎসবে গান করেছি। কথা ছিল, ওই সময় ৮: ০৮-এর বঙ্গ লোকাল ছবির গানটিতে কণ্ঠ দেব। কিন্তু পারিনি। তীব্র ঠান্ডায় কণ্ঠ একেবারে বসে গিয়েছিল। তাই পরিচালক আমাকে তখন ট্র্যাকটি দিয়ে দেন। এখন আমি তাতে কণ্ঠ দিয়ে পাঠিয়ে দেব।’এদিকে ছবির পরিচালক দেবাদিত্য ২৪ জানুয়ারি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘গানটিতে আইয়ুব বাচ্চু ঢাকায় তাঁর স্টুডিওতে কণ্ঠ দেবেন। আমরা গানটি হাতে পাওয়ার পর যদি কিছু সংশোধন এবং সংযোজন করতে হয়, সেটা আলোচনা করে ঠিক করে নেব। আর আইয়ুব বাচ্চু এ ব্যাপারে সহযোগিতা করবেন।’দেবাদিত্য আরও জানিয়েছেন, আগামী মার্চ মাসের শেষ দিকে ছবিটির প্রচারকাজের জন্য আইয়ুব বাচ্চু কলকাতায় যাবেন।