কলকাতার ছবিতে গাইবেন আইয়ুব বাচ্চু
কলকাতার একটি বাংলা ছবিতে গাইবেন আইয়ুব বাচ্চু। দেবাদিত্য পরিচালিত ‘৮:০৮-এর বঙ্গ লোকাল’ নামের ছবিতে গানটি থাকছে। গানটির সুর করেছেন তন্ময় বোস। ছবির গানটির রেকর্ডিং ও একটি উত্সবে অংশ নিতে আয়োজকদের আমন্ত্রণে ১৪ জানুয়ারির সকালে ব্যান্ড এলআরবিকে নিয়ে কলকাতায় যান আইয়ুব বাচ্চু। ফিরেছেন গতকাল মঙ্গলবার রাতে। পশ্চিমবঙ্গের একটি তিন দিনের বিচ উত্সবে আমন্ত্রিত শিল্পী হিসেবে গান করলেও শেষ পর্যন্ত ছবিটির গানের রেকর্ডিংয়ে আর কণ্ঠ দিতে পারেননি আইয়ুব বাচ্চু। অত্যধিক ঠান্ডার জন্য কণ্ঠের সমস্যাই এ বিপত্তির কারণ বলে জানিয়েছেন তিনি।ঢাকায় ফিরে আইয়ুব বাচ্চু প্রথম আলো অনলাইনকে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে তিন দিনের বিচ উত্সবে অংশ নিতে এলআরবিকে নিয়ে কলকাতায় গিয়েছিলাম। সেখানে আমরা দিঘা ও মান্দারমনিতে গান করেছি। আমাদের গানে পশ্চিমবঙ্গের শ্রোতারা এতটাই মুগ্ধ হয়েছেন যে মনেই হয়নি দেশের বাইরে কোথাও গান করেছি।’আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘৮:০৮-এর বঙ্গ লোকাল’ নামের ছবিটিতে গান করার কথা প্রায় ছয় মাস ধরেই হচ্ছিল। কিন্তু কোনোভাবেই সময় মেলাতে পারছিলাম। শেষ পর্যন্ত তন্ময় বোস ও দেবজ্যোতির বিশেষ অনুরোধে গানটি করার জন্য এখনই সময়টা বের করতে হয়েছে। অথচ বিধি বাম। অত্যধিক ঠান্ডাজনিত কারণে কণ্ঠের সমস্যা হওয়াতে কলকাতায় গানটির রেকর্ডিং করা সম্ভব হয়নি। কলকাতায় গানটির রেকর্ডিং করতে না পারলেও বাচ্চু জানিয়েছেন, ‘দু-এক দিনের মধ্যে আমার এবি কিচেন স্টুডিওতে গানটির রেকর্ডিং শুরু করব।’