কলকাতার তিন ব্যাংকে টাকা রাখতেন সুব্রত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের তিনটি ব্যাংক হিসাবের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। আদালতে এসব ব্যাংক হিসাব থাকার কথা স্বীকার করেছেন তিনি। গত ২৭ নভেম্বর কলকাতার বউবাজার এলাকা থেকে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) সুব্রত বাইনকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে জিজ্ঞাসাদের জন্য ১২ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গতকাল সোমবার সুব্রতকে আদালতে নেওয়া হয়। আদালতে বিচারক তাঁর আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামীকাল বুধবার সুব্রতকে আবার আদালতে নেওয়া হবে।আদালতে সুব্রত বাইন জানান, বাংলাদেশ থেকে চাঁদাবাজি করে বেআইনি পথে আনা অর্থ ওই ব্যাংক হিসাবে জমা হতো। তারপর প্রয়োজনে সেখান থেকে অর্থ তুলে তা নেপালে পাঠানো হতো।জেরায় সুব্রত বাইন বলেন, ২০০৯ সালে জামিনে মুক্ত হয়ে তিনি বেনামিতে ওই তিনটি ব্যাংক হিসাব খুলে নেপালে পালিয়ে যান। তাঁর দুই স্ত্রী ও একজন প্রতিনিধি ওই ব্যাংক হিসাবে লেনদেন করতেন। সুব্রত বাইন আরও জানান, ওই তিনটি ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দুইটি বেসরকারি ব্যাংক। তিনটি ব্যাংক হিসাবে লাখ লাখ রুপির লেনদেন হয়েছে। এখন গোয়েন্দারা ওই তিনটি হিসাবে যাবতীয় লেনদেন খতিয়ে দেখছেন।