কলকাতার পার্কস্ট্রিটের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজ ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের বহুতল ভবন স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। গতকাল মঙ্গলবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ভবনটির বিভিন্ন তলা থেকে আগুনে পোড়া ২০টি লাশ উদ্ধার করেন। এর আগে স্টিফেন কোর্ট থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়।আহত ২০ জনকে পিজি হাসপাতালসহ চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া গতকাল গভীর রাতে পার্কস্ট্রিটের এলাকাবাসী ২৯ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা স্থানীয় থানায় জমা দিয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, ১০০ বছরের পুরোনো বাড়িটির একমাত্র সিঁড়িটি ভেঙে পড়েছে। তাঁরা মনে করছেন, সিঁড়ির ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন। সেখানে উদ্ধার অভিযান চলছে।উল্লেখ্য, গতকাল বেলা দুইটার দিকে বাড়িটির লিফট থেকে প্রথমে পাঁচতলায় আগুন লাগে। আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে এম নারায়ণন, কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র বিকাশ ভট্টাচার্য প্রমুখ। রাজ্যসরকার নিহত প্রতিটি পরিবারকে এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।