কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম সিরাজগড় করার দাবি
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার অদূরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম সিরাজগড় করার দাবি জানিয়েছে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। পলাশি দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে ভাষা ও চেতনা সমিতির এক আলোচনা সভা হয়। ওই সভা থেকে এই দাবি জানানো হয়।আলোচনা সভায় কলকাতা থেকে বহরমপুরের সড়কের নাম সিরাজ সড়ক করা ও কলকাতায় সিরাজের একটি মূর্তি স্থাপনের দাবি জানানো হয়। আলোচনায় সভায় বক্তব্য দেন ভাষা ও চেতনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমানুল হক, কবি জিয়াদ আলী, অধ্যক্ষ রণজিত্ চক্রবর্তী, লেখক মানিক ফকিরসহ বিশিষ্টজনেরা। ইমানুল হক বলেন, নারীদের সম্মান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান ছিল নবাব সিরাজদৌলার। সেই সিরাজের যথাযোগ্য মূল্যায়ন হয়নি।১৭৫৭ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গের পলাশি প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সঙ্গে যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের। এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য পরাজিত হয়েছিলেন সিরাজ।