কলকাতার বইমেলা উদ্বোধন করলেন আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘বই আমাদের সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। দুই দেশের মধ্যে এই বন্ধনকে দৃঢ় করার সেতু হিসাবে কাজ করবে বই।’ আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করে আনিসুজ্জামান এ কথা বলেছেন। নিয়ম অনুযায়ী হাতুড়ি দিয়ে ঘণ্টা পিটিয়ে বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রথিতযশা লেখক, বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।উদ্বোধনী বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক সুদীর্ঘকালের। আধুনিক তথ্যপ্রযুক্তি আমাদের বইয়ের বাজারে কোনও প্রভাব ফেলতে পারবে না। বই আমাদের হূদয়ে স্থান করে নিয়েছে। তাই বই বেঁচে থাকবে অনন্তকাল।’ কলকাতার বিজ্ঞান নগরীর পাশে মিলনমেলা ময়দানে আয়োজিত এই ৩৭তম বইমেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বইমেলা আমাদের দুই দেশের সম্প্রীতির বন্ধনকে মজবুত করার অন্যতম মাধ্যম।’মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তফাত্ নেই। দু দেশের ভাষা সংস্কৃতি এক। আমাদের সঙ্গে বাংলাদেশের রয়েছে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক। এই সম্পর্ককে পাথেয় করে আমরা দুই দেশ কাজ করি। বাংলাদেশের লোকগীতি, পল্লিগীতি, লালনগীতি আমাদের খুব প্রিয়।’ বইমেলায় বাংলাদেশের ওইসব গানের শিল্পী দিয়ে অনুষ্ঠান করার জন্য তিনি আহ্বান জানান । বইমেলার এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। আর তাই বাংলাদেশকে ঘিরে এবার বইমেলায় যোগ হয়েছে নতুন মাত্রা। আয়োজন করা হয়েছে বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানের। বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক প্রমুখ। এঁদের মধ্যে থাকছেন বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, রবিউল হোসেন, রামেন্দু মজুমদার, মফিদুল হক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মোস্তফা জব্বার, অধ্যাপক গোলাম মুস্তফা, অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ, অধ্যাপক শান্তনু কায়সার, বেবী মওদুদ প্রমুখ। এবারের বইমেলার যোগ দিয়েছে বাংলাদেশের ৩৪টি প্রকাশনা সংস্থা। ৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। বাংলাদেশ ছাড়া আরও যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, তুরস্ক, হংকং, পেরু, চীন, জাপান, ইসরায়েলসহ আরও কয়েকটি দেশ। আজ মেলার উদ্বোধনী দিনে মেলাজুড়ে বাজছে রবীন্দ্র সংগীত আর লালন গীতির সুর।বইমেলায় সদ্য প্রয়াত দুই বাংলার তিন প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ এবং হুমায়ূন আহমেদের প্রয়াণে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য থাকছে বিশেষ আয়োজন। এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, মুস্তফা সিরাজ, হুমায়ূন আহমেদ, ভূপেন হাজারিকা ও ইন্দিরা গোস্বামীর নামে পৃথক প্যাভিলিয়নও তৈরি হয়েছে। এবারের বইমেলায় মোট স্টল রয়েছে ৭৫০টি।