কলকাতার বিপণি কেন্দ্রে আগুন, ১৮ জনের মৃত্যু (ভিডিও)
কলকাতার শিয়ালদহের একটি ছয়তলা বিপণি কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ১৮ জন মারা গেছে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিয়ালদহের সূর্যসেন মার্কেটে এ ঘটনা ঘটে। আজ বুধবার দ্য টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।আগুনে অনেকে মারাত্মক দগ্ধ হয়েছে। বিপণিকেন্দ্রে ভেতরে এখনো ৩০ থেকে ৪০ জন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ওই বিপণি কেন্দ্রে দোকানপাটের পাশাপাশি প্লাস্টিক ও কাগজের গুদাম রয়েছে। খবরে বলা হয়, আজ খুব ভোরে ওই বিপণি কেন্দ্রে আগুন লাগে। এ সময় বিপণি কেন্দ্রের ভেতর অনেকে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ পর্যন্ত ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।অতিরিক্ত ধোঁয়া ও সরু গলির কারণে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধার-কর্মীদের। আগুনের কারণে ভবনটির একমাত্র ফটক দিয়ে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।অগ্নি নির্বাপক মন্ত্রী জাভেদ খানের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ছয়জনকে অচেতন অবস্থায় জ্বলন্ত একটি গুদাম থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে আরও লোকজন আটকা পড়েছে কি না, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।জাভেদ খান আরও জানান, বিপণি কেন্দ্রের ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।