কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে তাঁর ছবি ও কক্ষের সামনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ডিগ্রিতে পড়ার সময় ৮ স্মিথ লেনের বেকার হোস্টেলের ওই কক্ষটিতে থাকতেন। আজ রোববার সকাল ১০টার দিকে আবক্ষ মূর্তিতে ফুল দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলকাতার সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ইসলামিয়া কলেজের নাম এখন মৌলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। সেখানে রয়েছে বঙ্গবন্ধুর খাট, চেয়ার, টেবিল ও আলমারি। বাংলাদেশের তত্কালীন সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ওই বছরের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তত্কালীন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী।