বাংলাদেশ বিমানের ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার কলকাতায় আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। ১৯৭২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ বিমানের যাত্রা শুরু হয়েছিল। কলকাতার সঙ্গে ঢাকার বিমান যোগাযোগও একই দিন চালু হয়।কলকাতার বিমান অফিসে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্ব ভারত) মোহাম্মদ আলাউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও মো. সরওয়ার হোসাইনসহ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে কর্মকর্তারা কলকাতাবাসীদের বিমানে ভ্রমণ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিমান এখন আরও উন্নত হচ্ছে। নতুন সর্বাধুনিক ১৩টি বিমান যোগ দিচ্ছে বিমানবহরে। এরই মধ্যে যোগ দিয়েছে দুটি বিমান। তাঁরা বলেন, এখন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট দেরি হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে সরকার। কর্মকর্তারা আশ্বাস দেন, বিমান যাত্রীসেবার মান বাড়িয়ে হূত গৌরব উদ্ধারে ব্রতী হবে।