কলকাতার রাজনীতিতে ‘উইকিলিকস বোমা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে এবার ‘উইকিলিকস বোমা’ আঘাত হেনেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের প্রতি মার্কিন মমতার দালিলিক প্রমাণ পেয়ে ক্ষুব্ধ বামফ্রন্ট। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে মমতা ‘ভাবী মুখ্যমন্ত্রী’।গতকাল বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার টানা ২৯ বছরের স্পিকার হাসিম আবদুল হালিম প্রথম আলোকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এ সময় গতকাল ফাঁস হওয়া উইকিলিকস কেবেলর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই স্পিকার নিজের হাত তুলে দেখালেন। রসিকতার সঙ্গে বললেন, ‘এই হাতে ইন্দিরা আমেরিকার কাছ থেকে টাকা নিয়েছিলেন। ময়নিহান পড়েছেন? কী লিখেছেন তিনি? ইন্দিরা গান্ধী আমেরিকার কাছ থেকে দুবার টাকা নিয়েছিলেন।’উল্লেখ্য, ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহান মার্কিন ডেমোক্র্যাট দলীয় চারবারের নির্বাচিত প্রভাবশালী সিনেটর। প্রেসিডেন্ট নিক্সন তাঁকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত (১৯৭৩-৭৫) হিসেবে নিয়োগ দেন। গত বছর স্টিভেন ওয়াইজম্যান সম্পাদিত বইয়ে ময়নিহানের কিছু চিঠিপত্র প্রকাশ পায়। এতে ১৯৭৪ সালের ২৮ অক্টোবর দিল্লিতে হেনরি কিসিঞ্জারের সঙ্গে ইন্দিরার একান্ত বৈঠক, কংগ্রেসকে সিআইএর সমর্থন ও টাকা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। ময়নিহান ২০০৩ সালের ২৬ মার্চ মারা যান।সেই টাকা দেওয়ার ধারাবাহিকতা কি আজও চলছে? স্পিকার হালিমের স্পষ্ট জবাব, ‘এক শ বার। কারণ ওদের (আমেরিকা) কাছে রিপোর্ট আছে, যদি বামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কটা যেভাবে এখন তারা করতে চায়, সেভাবে তারা করতে পারবে না।’ তার মানে মমতাকে ভাবী মুখ্যমন্ত্রী বলার মধ্যেও কি আপনি মার্কিন যোগসূত্র দেখতে পান? উইকিলিকসের তথ্য প্রকাশে মোটেই অবাক হননি? এর সরাসরি জবাব না দিয়ে স্পিকার হালিম বললেন, ‘আচ্ছা, বলুন তো, তৃণমূলের নির্বাচনী প্রচারে এত টাকা কোত্থেকে আসে? সেটা খুঁজুন। কংগ্রেসকে আমেরিকা টাকা দেয়, সেই প্রমাণ আছে। কিন্তু সেই খবর আমাদের মিডিয়া লেখে না।’২০০৯ সালের অক্টোবরে কলকাতার মার্কিন মিশনের এক কেবেল বলা হয়, মমতাই হতে পারেন কমিউনিস্ট-শাসিত পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে মার্কিন সরকারের সম্পর্ক ঝালাই করার চেষ্টা অব্যাহত রাখা উচিত। মমতার নীতি এতটাই সহনীয় যে মার্কিন সরকার তাঁর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে পারে। এই মূল্যায়ন করেছিলেন ওই সময়ের কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল মিজ বেথ ই পেইন। তাঁর মূল্যায়ন, মমতা বাগাড়ম্বরের বৃত্ত ভেঙে নিজেকে বাইরে এনে একজন যোগ্য প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন কি না, সেটা একটা প্রশ্ন। তবে লক্ষণীয় হলো, তাঁর জনসভাগুলোতে মার্কিনবিরোধী বক্তব্য দেওয়া হয় না। এমনকি তাঁর দলের লোকজন ব্যক্তিগতভাবে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। এসবের মধ্য দিয়ে এই সুলক্ষণ ফুটে ওঠে যে বর্তমান কমিউনিস্ট-শাসিত পশ্চিমবঙ্গের নেতৃত্বের চেয়ে মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকার আমেরিকার সঙ্গে অধিকতর বন্ধুপরায়ণ হয়ে উঠবে।উল্লেখ্য, বেথ এ পেইন যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রথম মার্কিন কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখানে সাহসিকতার জন্য তিনি পুরস্কৃতও হন। বাগদাদে এক বোমা বিস্ফোরণ থেকে রক্ষা পান পেইন। ২০০৮ সালের ৩১ জুলাই পেইন কলকাতায় মার্কিন কনসাল হিসেবে যোগ দেন। তিনি তাঁর আলোচিত ২৩০৩৫৩ নম্বর কেবেল উল্লেখ করেছিলেন, মমতা প্রতিশ্রুতিশীল ও বিশ্বস্ত। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকার পরিবর্তনের বিষয়ে তিনিই সংশয়বাদীদের মনে আশার সঞ্চার ঘটাতে পারেন। পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিতে তিনি ক্রমশ নিজেকে প্রস্তুত করছেন।গত বুধবার একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বামফ্রন্ট কমিটির সভাপতি বিমান বসু কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কলকাতার মার্কিন মিশন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। বামফ্রন্ট সরকারকে হটাতে তাদের একটি নীলনকশা রয়েছে। সে কারণেই তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। তাঁর অভিযোগ, ‘কলকাতার মার্কিন কনস্যুলেট কয়েক দিন আগে সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করেছে। এ ধরনের বৈঠক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী।’উল্লেখ্য, বামফ্রন্ট এবার তাদের নির্বাচনী ইশতেহারের দ্বিতীয় বাক্যেই বলেছে, ‘মার্কিন সাম্রাজ্যবাদ তাদের সংকটের বোঝা ভারতীয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। এটা প্রতিহত করতে হবে।’গতকাল ২৪ ঘণ্টা নামের একটি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ বামনেতা শ্যামল চক্রবর্তী বলেন, ভারত সরকারকে পকেটে পুরতে চায় আমেরিকা। সেই পথে মূল বাধা বামপন্থীরা। কারণ তাদের ৬১ জন সাংসদ ছিলেন। আর বামদের দুর্গ হলো পশ্চিমবঙ্গ। যদি পশ্চিমবঙ্গকে কবজা করা যায়, তাহলে তাদের মনোবাঞ্ছা পূরণ হবে। এ জন্য সিআইএ সক্রিয় রয়েছে। তিনিও ময়নিহানের বরাত দেন। বলেন, ১৯৭১ সালে যখন সিপিএমের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের মতো পরিস্থিতি হয়েছিল, তখন সেই সরকার করতে না দেওয়া এবং সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেওয়ার জন্য আমেরিকা টাকা দেয়। এখনো তাই। সেই উদ্দেশ্য সাধনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেস এখন মার্কিন ও কংগ্রেসের একটা হাতিয়ার।পশ্চিমবঙ্গ সরকারের আবাসনমন্ত্রী গৌতম দেব গতকাল টিভি চ্যানেল ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ। আজ যদি কেবেল আমেরিকার স্থানে চীন এবং তৃণমূলের পরিবর্তে সিপিআই(এম) হতো, তাহলে আগুন লেগে যেত।