কলকাতার হাসপাতালে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন।হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এস উপাধ্যায় জানান, দুুর্ঘটনার সময় হাসপাতালে ২০৭ জন রোগী ভর্তি ছিলেন। অগ্নিকাণ্ডে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের অধিকাংশই রোগী।নিহত বাংলাদেশির নাম গৌরাঙ্গ মণ্ডল (৬৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। স্নায়ুজাত রোগের চিকিৎসার জন্য গত বুধবার তিনি ওই হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতায় বাংলাদেশি উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, লাশ দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে শুক্রবার ভোরের দিকে। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ছয়তলা ভবনের ওপরের তলাগুলোর বিভিন্ন ওয়ার্ডে। এতে অগ্নিদগ্ধ ও ধোঁয়ার বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান অনেক রোগী। হাসপাতাল ভবনের পুরোটাই শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বের হতে না পারায় নিহতের সংখ্যা বেড়ে যায় বলে অনুমান করা হচ্ছে।দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিভিন্ন তলার জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে হতাহত ব্যক্তিদের বের করে আনা হয়। এঁদের সবাইকে দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।দমকলকর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) থাকা রোগীদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁরা মারা যান।দমকলকর্মীরা মই বেয়ে ওপরে উঠে ভবনের বাইরের কাচ ভেঙে ভেতরে ঢোকেন। এরপর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নিচে নামাতে শুরু করেন তাঁরা। কিন্তু হাসপাতালের পাশের পথ শুরু হওয়ায় উদ্ধার করা লোকজনকে দ্রুত অন্য হাসপাতালে নিতে অসুবিধা হয়।কলকাতা দমকল বিভাগের প্রধান গোপাল ভট্টাচার্য জানান, তাঁরা ৮৫ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়েছেন।গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার এসএসকেএম হাসপাতালে নেওয়া হয় ৪২টি মৃতদেহ। এ ছাড়া এএমআরআই হাসপাতালের সামনের পার্কেও ছিল মৃতদেহ। কিছু মৃতদেহ নেওয়া হয় বাঙুর ও মুকুন্দপুরের হাসপাতালে।টেলিভিশনের খবরে দেখা যায়, হাসপাতাল ভবনের জানালা দিয়ে সাদা কাপড় উড়িয়ে সাহায্য চান রোগীরা। একটি জানালা দিয়ে নেমে আসার চেষ্টা করেন এক রোগী, তাঁর হাতে তখনো স্যালাইন বাঁধা।অগ্নিকাণ্ড শুরুর পরপরই দ্রুত ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করেন এবং উদ্ধারকৃত ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একই সঙ্গে এ ঘটনার জন্য হাসপাতালের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।তবে রোগীর আত্মীয়স্বজন অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে উদ্ধারকাজে ব্যাঘাত সৃষ্টি হয়। তাঁর নিরাপত্তা দিতে পুলিশের কর্মকর্তারা তোড়জোড় শুরু করায় হাসপাতালে ঢোকার সরু পথটি বন্ধ হয়ে যায়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছিল না। এ ছাড়া মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেখানে জড়ো হওয়া লোকজনকে লাঠিপেটা করে।অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। তবে দমকলকর্মীসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, হাসপাতালের বেসমেন্টটি গাড়ি রাখার জন্য ব্যবহূত হওয়ার কথা থাকলেও জায়গাটি ব্যবহার করা হয় গুদাম হিসেবে। সেখানে ছিল অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থাও ছিল না বলে জানা গেছে।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী সিরহাদ হাকিম বলেন, হাসপাতালের বেসমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহূত হওয়ার কথা থাকলেও নিয়ম ভেঙে কর্তৃপক্ষ বেসমেন্ট ব্যবহার করত গুদাম হিসেবে।নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারও ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।ছয় পরিচালক গ্রেপ্তার: অগ্নিকাণ্ডের ঘটনায় এএমআরআই হাসপাতালের দুই মালিকসহ ছয় পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালের দুই মালিক আর এস গোয়েঙ্কা ও এস টি তোদি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তোদির দুই ছেলেসহ হাসপাতাল পরিচালনা বোর্ডের অপর চারজন সদস্য জেরার জন্য পুলিশের দপ্তরে যাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। আজ শনিবার তাঁদের আদালতে নেওয়া হতে পারে।উদ্ধার তৎপরতায় অবহেলার অভিযোগে বাতিল করা হয়েছে হাসপাতালের লাইসেন্স। দমকল বিভাগের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ।পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য প্রকৌশলবিষয়ক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বাঁচানোর কোনো উদ্যোগ তো নেয়ইনি, বরং আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের চিকিৎসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে যান।শোক: কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো শোকবার্তায় তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন।