কলকাতায় আসছে রেস্তোরাঁ ট্রাম
ভারতের ঐতিহ্যবাহী যান ট্রামে যুক্ত হতে যাচ্ছে রেস্তোরাঁ। শীতাতপ-নিয়ন্ত্রিত এই ‘ট্রাম রেস্তোরাঁ’ থেকে যাত্রীরা চা-কফিসহ বিভিন্ন জলখাবার খাওয়ার সুযোগ পাবে। কলকাতায় ট্রাম এখন হারিয়ে যাচ্ছে বললেই চলে। এই মহানগরের সড়ক সংস্কার ও মেরামতের কারণে অনেক ট্রাম বিভিন্ন ডিপোতে পড়ে আছে। ট্রাম কোম্পানির তথ্যমতে, কলকাতায় এখন ২৫৮টি ট্রাম আছে; চলছে ১১০টি। গণপরিবহনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই যানকে বাঁচাতে কলকাতার ট্রাম কোম্পানি এবার রেস্তোরাঁ ট্রাম চালুর উদ্যোগ নিয়েছে। শীতাতপ-নিয়ন্ত্রিত এই ট্রাম কলকাতার বিভিন্ন সড়কে চালানো হবে। সেখানে থাকবে কফি, চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলখাবার। পর্যটক থেকে শুরু করে সবাই এই ট্রামে উঠতে পারবে। ঘুরে ঘুরে দেখতে পারবে কলকাতা শহর। কলকাতা ট্রাম কোম্পানির চেয়ারম্যান শান্তিলাল জৈন জানান, পূজার আগেই এই ট্রাম চালু করা হবে।