কলকাতায় তসলিমার বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বন্ধ
বাংলাদেশি নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান করতে দেয়নি কলকাতা বইমেলার আয়োজক কর্তৃপক্ষ। গতকাল বুধবার ৩৬তম কলকাতা বইমেলা প্রাঙ্গণের একটি মিলনায়তনে বেলা তিনটায় তসলিমা নাসরিনের আত্মজীবনীমূূলক ‘নির্বাসন’ বইয়ের সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মিলনায়তন প্রস্তুত না থাকার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বইটির প্রকাশনা অনুষ্ঠান বাতিল করে মেলার আয়োজক সংস্থা।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তসলিমা বলেন, ‘এটি কেবল বই নয়, বরং একজন লেখককে নিষিদ্ধ করার বিষয়, যা খুবই ভয়ংকর।’বইটির প্রকাশক শিবানী মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রথমে মিলনায়তন প্রস্তুত না থাকার কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিল করে আয়োজক কর্তৃপক্ষ। তবে তারা পরে জানান, অনুষ্ঠান বিঘ্নিত করতে একটি মহলের পক্ষ থেকে হুমকি দেওয়ার খবর তাদের কাছে ছিল। তাই দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিবানী দাবি করেন, ‘তসলিমা নিষিদ্ধ লেখক হওয়ায় এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’জানা গেছে, বইমেলা প্রাঙ্গণে মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে না পারলেও পরে প্রকাশনীর স্টলে বইটি প্রকাশ করা হয়। সম্প্রতি বুকারজয়ী লেখক সালমান রুশদিকেও ভারতে আসতে দেওয়া হয়নি। এ নিয়ে ভারতে বিতর্ক চলছে।তসলিমা নাসরিনকে ২০০৭ সালে কলকাতা থেকে বিতাড়িত করা হয়। আইনি জটিলতার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে কলকাতায় থাকতে দিতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে তিনি ২০০৮ সালে সুইডেনে আশ্রয় গ্রহণ করেন। তিনি তাঁর এই বইয়ে সেই সময়কার বিভিন্ন স্মৃতি তুলে ধরেছেন।