কলকাতায় নাইট রাইডার্সের কার্যালয়ে আয়কর দপ্তরের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আয়কর সংস্থার একটি বিশেষ দল গতকাল বুধবার গভীর রাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্সের কলকাতা কার্যালয়ে অভিযান চালায়। দলটি আজ বৃহস্পতিবার প্রায় ভোর পর্যন্ত অভিযান চালিয়ে অভিনেতা শাহরুখ খানের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজটির বিরুদ্ধে আয়কর ফাঁকিসংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।ভারতের রাজস্ব দপ্তরের উপপরিচালক অখিলেন্দু যাদবের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন আজ বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁরা কিছু আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছেন। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন হবে বলে তিনি জানান।বেশ কিছুদিন ধরেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কানাঘুষা শুরু হয়। ভারতের আয়কর দপ্তর খবর পায়, ফ্র্যাঞ্চাইজগুলো বিপুল পরিমাণ অর্থ বিদেশে বিশেষ করে মরিসাসে পাচার করেছে। এরই সূত্র ধরেই গতকাল বুধবার রাতে কলকাতায় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে অবস্থিত কলকাতা নাইট রাইডার্সের কার্যালয়ে এ অভিযান চলে। কলকাতায় যে হোটেলে নাইট রাইডার্স দল অবস্থান করছে সেখানেও আয়কর কর্মকর্তারা হানা দিয়েছে বলে জানিয়েছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা। কলকাতা ছাড়াও পুনে, মুম্বাই, কোচি, হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড় ও বেঙ্গালুরুতে অবস্থিত আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের দপ্তরে আয়কর দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের সন্ধান পেয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা আরও জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রাপ্য আড়াই কোটি টাকার একটি চেক নাকি এসেছে মরিসাসের এক ব্যক্তির কাছ থেকে। মরিসাসের এই ব্যক্তিটি কে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই চেক থেকেই আয়কর গোয়েন্দারা সন্দেহ করছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলোর টাকা বিদেশে পাচার হচ্ছে।