কলকাতায় ফলাও করে আযাদের সাজার খবর
বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদকে দেওয়া মৃত্যুদণ্ডের খবর আজ মঙ্গলবার কলকাতার বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে ছাপা হয়েছে।দৈনিক ‘বাংলা স্টেটসম্যান’ তাদের প্রথম পাতায় চার কলামজুড়ে খবরটি প্রকাশ করে। তাদের শিরোনাম ‘একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডিত বাচ্চু রাজাকার’। দৈনিক ‘এই সময়’ শিরোনাম করেছে ‘মুক্তিযুদ্ধের অপরাধীকে ফাঁসির সাজা বাংলাদেশে’। ‘আনন্দবাজার পত্রিকা’ শিরোনাম করেছে ‘যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড বাচ্চু রাজাকারের’। দৈনিক ‘এ বেলা’র শিরোনাম ‘যুদ্ধাপরাধীর ফাঁসির নির্দেশ’। বাংলা দৈনিক ‘আজকাল’ শিরোনাম করেছে, ‘পলাতক রাজাকারের ফাঁসির রায়ে ঢাকায় ভীত জামাতিরা’। ‘বর্তমান’-এর শিরোনাম ‘ফাঁসির হুকুম হলো বাংলাদেশের প্রাক্তন জামায়াত নেতার’। দৈনিক ‘সকালবেলা’র শিরোনাম, ‘৭১ মুক্তিযুদ্ধের অপরাধী বাচ্চু রাজাকারের ফাঁসির হুকুম’। ইংরেজি দৈনিক ‘টেলিগ্রাফ’-এর শিরোনাম, ‘ক্লেরিক গেটস ডেথ ফর ওয়ার ক্রাইমস’। আর ‘টাইমস অব ইন্ডিয়া’র শিরোনাম ‘বাংলা কোর্টস গিভস ডেথ পেনালটি টু ১৯৭১ ওয়ার ক্রিমিনাল’।