বাংলা গানের এক বিপুল উৎসব হতে যাচ্ছে ভারতের কলকাতায়। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নয় দিনের এই উৎসব। বাংলাদেশের প্রায় অর্ধশত শিল্পী এই উৎসবে পঞ্চকবির গানসহ আধুনিক গান, জীবনমুখী গান আর দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশন করবেন। বেঙ্গল ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করেছে কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমির সাহচর্যে। উৎসব উৎসর্গ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।গতকাল রোববার ‘বাংলা গানের উৎসব কলকাতা-২০১৩’-এর বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে। এতে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এই উৎসবের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। কলকাতায় বাংলাদেশের সংগীতচর্চার পরিচিতি তুলে ধরতে এই আয়োজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উল্লেখ করে আলোচনায় অংশ নেন শিল্পী খায়রুল আনাম, শামা রহমান, ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, ফাহমিদা নবী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। দ্য ডেইলি স্টার-এর পক্ষে আলোচনা করেন শিল্প ও বিনোদন সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন: শিল্পী ইফফাত আরা দেওয়ান, ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, সানী জুবায়ের, চন্দনা মজুমদার, গাজী আবদুল হাকিম, নবনীতা প্রমুখ।বাংলা গানের উৎসবে সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রথম আলো। এ ছাড়া সহযোগী রয়েছে দ্য ডেইলি স্টার। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।বাংলা গানের উৎসব হবে কলকাতার টালিগঞ্জের আইটিসি সংগীত রিসার্চ একাডেমিতে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৮ ফেব্রুয়ারি শুক্রবার কলকাতার সময় সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন। উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দিন থেকে উৎসব শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। উদ্বোধনী দিনে থাকবে পঞ্চকবির গান। সংগীতজ্ঞ সোহরাব হোসেনকে এই অনুষ্ঠান উৎসর্গ করা হবে। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শনিবার গান হবে সারা রাত। এদিন হবে বৈঠকি গান। উৎসর্গ করা হবে শিল্পী নীলুফার ইয়াসমীনকে। রোববার হবে জীবনমুখী গান। সোমবার পঞ্চকবির গান। মঙ্গলবার রবীন্দ্রসংগীত ও আধুনিক গান। বুধবার গীতি নৃত্যনাট্য ও কবিতা আবৃত্তি। বৃহস্পতি ও শুক্রবার পঞ্চকবির গান। শনিবার উৎসব শেষ হবে সারা রাত ধরে লোকসংগীত পরিবেশনার মধ্য দিয়ে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান। উৎসবে গানের পাশাপাশি বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত বিভিন্ন শিল্পীর ৩০টি অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানও হবে। এ ছাড়া থাকবে বাংলাদেশ থেকে প্রকাশিত বই এবং ঢাকার ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী। উৎসবে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অংশ নেবেন ইফফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, লাইসা আহমেদ, অদিতি মহসিন, শারমিন সাথী ইসলাম, বুলবুল ইসলাম, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম, সানী জুবায়ের, সিদ্দিকুর রহমান, রামকানাই দাস, ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, রব ফকির, সিদ্দিকুর রহমান, সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, কৃষ্ণকলি, অর্ণব, নবনীতাসহ অনেকে। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর ও মাহবুবুর রহমান। নাচের দল ভাবনা পরিবেশন করবে ভানু সিংহের পদাবলী। কলকাতার শিল্পীদের মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অরুণ ভাদুড়ি, কৌশিকী দেশিকান, শ্রীকান্ত আচার্য্য, জয়তী চক্রবর্তী, ব্রজেশ্বর মুখোপাধ্যায়সহ অনেকে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতচর্চা বিকাশের লক্ষ্যে ২০১২ সালে বেঙ্গল ফাউন্ডেশন কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে ১০ বছরের চুক্তি করে। এর আওতায় গত বছর ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকার বাইরে দ্বিমাসিক সংগীতানুষ্ঠান করা হয়। এ ছাড়া, গত বছর নভেম্বর মাসে ঢাকায় চার দিনব্যাপী ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’ করা হয়। এই উৎসবে ভারতের স্বনামখ্যাত প্রায় ১০০ শিল্পী অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের শিল্পীরা যাচ্ছেন কলকাতায় বাংলা গান শোনাতে। এই চুক্তি অনুসারে আইটিসি এসআরএ ভারতে যত উৎসবে যোগ দেবে, তাতে অন্তত চার-পাঁচজন বাংলাদেশি শিল্পীও অংশ নেওয়ার সুযোগ পাবেন।কলকাতায় অনুষ্ঠেয় এই বাংলা গানের উৎসব সবার জন্য উন্মুক্ত। কলকাতার টালিগঞ্জের ১ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে অবস্থিত আইটিসি এসআরএর কার্যালয় থেকে ১ ফেব্রুয়ারি থেকে বিনা মূল্যের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বাংলাদেশের শ্রোতারা আগ্রহী হলে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bengalfoundation.org এবং www.facebook.com/bfkolkatafest-তে।