কলকাতায় বাংলাদেশের বিজয় উৎসব
কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৪০তম বিজয় দিবস। দিনটি উদ্যাপনের জন্য ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। পূর্বাঞ্চলীয় সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেন ২২ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।কলকাতায় সেনা সদরে সকালে বিজয় দিবসের সূচনা হয়। ১৬ ডিসেম্বরের স্মরণে তৈরি বিজয়স্তম্ভে মাল্য দান করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা।কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও দিনটি উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।‘বাংলাদেশ উৎসব’ শুরু: ৪০তম বিজয় দিবস সামনে রেখে গতকাল ১৬ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে এবং উপ-হাইকমিশন চত্বরে আয়োজিত এই উৎসব চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব চতুর্থ বছরে পা দিয়েছে।গতকাল শুক্রবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করা হয়।