কলকাতায় বাংলাদেশের স্থায়ী বই বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় আয়োজিত বাংলাদেশের বইমেলার তৃতীয় দিন শুক্রবারও ক্রেতার ভিড় ছিল প্রচুর। বিভিন্ন স্টলে বইও বিক্রি হয়েছে ভালোই। এদিন সন্ধ্যায় কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়াম মিলনায়তনে ‘বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা ও আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। অংশ নেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, অধ্যাপক সুনন্দ সান্যাল, পংকজ সাহা, সত্যম রায় চৌধুরী, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি তারিক আরিফুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা কমিটির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক শাহরিয়ার কবির।আলোচকেরা বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পে এক নবযুগের সৃষ্টি হয়েছে। আলোচকেরা কলকাতায় বাংলাদেশের বইয়ের একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠারও দাবি জানান। একই সঙ্গে বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধান কার্যালয়ে এখনো ভাষা হিসেবে ‘বাংলা’ ও ‘বেঙ্গলি’ শব্দ দুটি তালিকাভুক্ত রয়েছে। ‘বাংলা’ বলতে বোঝানো হয় বাংলাদেশের ভাষাকে আর ‘বেঙ্গলি’ বলতে বোঝানো হয় ভারতের বাংলা ভাষাকে। আলোচকেরা বলেন, এখন ‘বেঙ্গলি’ নয়, শুধু হোক ‘বাংলা’। কারণ, বাংলাদেশ থাকলে বাংলা ভাষার মৃত্যু হবে না। বাংলা ভাষা টিকে থাকবে বিশ্বে।