কলকাতায় ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার অদূরে হাওড়ার হুগলি নদীর তীরে লেকল্যান্ড কানট্রি ক্লাব চত্বরে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সকল রসের ধারা’ নামের ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালকাটা পেইন্টার্সের উদ্যোগে ফরচুন পার্ক পঞ্চবটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আর্ট ক্যাম্প। আর্ট ক্যাম্পে যোগ দিয়েছেন ভারত ও বাংলাদেশের অর্ধশত চিত্রশিল্পী। এর মধ্যে বাংলাদেশের শিল্পী পাঁচজন। তাঁরা হলেন: কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, তাহেরা খানম, মাহমুদুল হক ও ফরিদা জামান। কলকাতার শিল্পীদের মধ্যে আছেন গণেশ হালুই, ধীরাজ চৌধুরী, ঈশা মোহাম্মদ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ কর্মকার, দেবব্রত চক্রবর্তী, সানু লাহিড়ি প্রমুখ। ক্যাম্পের উদ্বোধন করেন কাইয়ুম চৌধুরী, ঈশা মহম্মদ, ধীরাজ চৌধুরী এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম যৌথভাবে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। এই আর্ট ক্যাম্প উপলক্ষে এক চিত্রপ্রদর্শনীরও আয়োজন করা হয়েছে । এই প্রদর্শনীতে বাংলাদেশের ১৫ জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে। সব ছবিই কবিগুরুকে নিয়ে আঁকা। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী জানান, বাংলাদেশের ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা ছাড়াও হাশেম খান, সমরজিৎ রায়চৌধুরী, মনিরুল ইসলাম, বীরেন সোম, আবদুস শাকুর, দিলারা বেগম জলি, মহম্মদ ইকবাল, শেখ আফজাল, কনকচাঁপা চাকমা, কে এম এ কাইয়ুমের চিত্র প্রদর্শিত হচ্ছে এই আর্ট ক্যাম্প উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে।‘সিন্ধুপারে’ কবিতাকে উপজীব্য করে এক অডিও ভিজ্যুয়াল: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সিন্ধুপারে’ কবিতাকে উপজীব্য করে বিভিন্ন দেশের নামী শিল্পীরা মিলিত হয়ে তৈরি করেছেন এক অডিও ভিজ্যুয়াল। তারই এক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে কলকাতায় গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে।