কলকাতায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে ভারতের কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতা উপ-হাইকমিশন, ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তবে গতকাল শুক্রবার কলকাতার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করা হয়। উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছবিগুলো হলো: মাটির ময়না, জয়যাত্রা, খেলাঘর ও আমার বন্ধু রাশেদ, গেরিলা এবং খণ্ডগল্প ১৯৭১।গতকাল উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নতুন দিল্লি হাইকমিশনের উপ-হাইকমিশনার মাহাবুব হোসেন, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মোরশেদুল ইসলাম প্রমুখ। কলকাতার নন্দনে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।